টিজারেই তুমুল ঝড়, এবার ‘রকস্টার’-এর সঙ্গে যুক্ত হলো চরকি

সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শাকিব খান (Shakib Khan) অভিনীত সিনেমা ‘রকস্টার’। গত ৫ মে সিনেমাটির প্রথম টিজার প্রকাশের পর থেকেই দেশ–বিদেশের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে এটি। খুব অল্প সময়ের মধ্যেই টিজারটি ট্রেন্ডিংয়ে উঠে আসে এবং ভক্ত–দর্শকদের মধ্যে তৈরি হয় বাড়তি কৌতূহল।

বিশেষ করে শাকিব খানকে সম্পূর্ণ ভিন্ন এক লুকে, একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে দেখে দর্শকদের মধ্যে নতুন ধরনের উন্মাদনা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে অ্যাকশন ও বাণিজ্যিক ধারার চরিত্রে অভ্যস্ত এই তারকাকে এবার অনেকটাই ভিন্ন আঙ্গিকে দেখতে চলেছেন দর্শকরা।

আজমান রুশো (Azman Russo) পরিচালিত ‘রকস্টার’-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি (Chorki)। খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়। অনেকে সিনেমাটির নতুন গান, টিজার কিংবা ভিডিও দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন মন্তব্যের ঘরে।

সিনেমাটিতে শাকিব খানকে কোনো গ্যাংস্টার বা অ্যাকশন হিরো হিসেবে নয়, বরং একজন পেশাদার মিউজিশিয়ানের ভূমিকায় দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে তিনি ওজন কমিয়েছেন এবং নিজের লুকে এনেছেন বড় ধরনের পরিবর্তন। নির্মাতা সংশ্লিষ্টদের ভাষ্য, চরিত্রটিকে বাস্তবসম্মত করে তুলতেই এই প্রস্তুতি নিয়েছেন অভিনেতা।

সিনেমার সব গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি (Ahmed Hasan Sunny)। তিনি নিজেই গানগুলোতে কণ্ঠও দিয়েছেন। সংগীত পরিচালনার দায়িত্বে আছেন জাহিদ নিরব। অঞ্জন চৌধুরী পিন্টু নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

নির্মাতা আজমান রুশোর গল্পে তৈরি ‘রকস্টার’ কেবল একটি বিনোদনধর্মী সিনেমা হিসেবেই সীমাবদ্ধ থাকছে না। এতে একজন সংগীতশিল্পীর জীবন, সংগ্রাম, সাফল্য এবং উত্থান–পতনের বাস্তব অভিজ্ঞতাও তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি সরাসরি চরকি অ্যাপ ও ওয়েবসাইটে দেখতে পারবেন দর্শকরা। যদিও ওটিটি প্ল্যাটফর্মটিতে সিনেমাটির মুক্তির নির্দিষ্ট দিন–তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

সিনেমাটির নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু জানান, প্রেক্ষাগৃহে মুক্তির পর দেশ ও বিদেশের বড় দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানোর লক্ষ্যেই তারা চরকিকে বেছে নিয়েছেন।