শরীয়তপুরে টিস্যু বক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, বিভ্রান্তিকর সংবাদে প্রেস ক্লাবের তীব্র প্রতিবাদ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা হলরুমে জেলেদের মাঝে বাছুর বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি ভুয়া অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর সংবাদ এবং অপপ্রচারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে শরীয়তপুর প্রেস ক্লাব (Shariatpur Press Club)।

সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক আইডি ও অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হয়, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (Mia Nuruddin Ahmed Apu) সাংবাদিকদের লক্ষ্য করে টিস্যু বক্স নিক্ষেপ করেছেন। তবে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, এমন দাবি সঠিক নয় এবং ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠান চলাকালে সাময়িক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে হুইপ অপু ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রেক্ষিতে তিনি টিস্যু বক্সটি তার এক দলীয় কর্মীর দিকে ছুড়ে দেন। এটি কোনো সাংবাদিককে লক্ষ্য করে করা হয়নি এবং এ ঘটনায় কোনো সাংবাদিকের পক্ষ থেকেও কোনো অভিযোগ উত্থাপন করা হয়নি।

বিষয়টি শরীয়তপুর প্রেস ক্লাবের সদস্যদের নজরে এলে মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে জরুরি সভা আহ্বান করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক মো. আবুল হোসেন সরদার (Md. Abul Hossain Sardar)।

সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নূরুল আমিন রবিন (Nurul Amin Robin), সহসভাপতি শহিদুল ইসলাম পাইলট, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম শাকিল, কোষাধ্যক্ষ ছগির হোসেন, দপ্তর সম্পাদক মো. আল-আমিন, প্রচার সম্পাদক জামাল মল্লিক, সমাজকল্যাণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সদস্য ইসহাক মাদবর, বারেক ভূইয়া, মো. মিরাজ সিকদার, মো. সাইফুল ইসলাম ঢালীসহ আরও অনেকে। সভায় এই উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সভায় বক্তারা বলেন, যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য প্রচার দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি। এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সাংবাদিক সমাজ ও গণমাধ্যমের পারস্পরিক সৌহার্দ্য, সম্মানবোধ ও পেশাগত সম্পর্ক ক্ষতিগ্রস্ত করে।

শরীয়তপুর প্রেস ক্লাব সংশ্লিষ্ট সব গণমাধ্যমকর্মী ও সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন সত্যতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকেন।