একটি অনলাইন ফার্মেসি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভারতের কয়েকজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র (United States)। অভিযোগ উঠেছে, ওই নেটওয়ার্কের মাধ্যমে মার্কিন বাজারে অবৈধ ফেন্টানাইল মিশ্রিত ওষুধ পাচার করা হচ্ছিল।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট (Tommy Pigott) মঙ্গলবার জানান, এই নিষেধাজ্ঞা কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্স (KS International Traders)-এর মালিকসহ মোট ১৩ জন ব্যক্তির ওপর আরোপ করা হয়েছে। অনলাইন টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, এসব ব্যক্তি প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন।
টমি পিগট বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্স ও এর মালিকের সঙ্গে সম্পৃক্ত ১৩ জন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের কাছে ফেন্টানাইল মিশ্রিত ভুয়া প্রেসক্রিপশন ওষুধ বিক্রি করেছে।
পিগট আরও বলেন, প্রতিষ্ঠানটি অবৈধ ফেন্টানাইল পাচারের মাধ্যমে অর্থ আয় করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প (Donald Trump) এক নির্বাহী আদেশে ফেন্টানাইলকে ‘গণবিধ্বংসী অস্ত্র’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছেন।
তিনি বলেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ভারত (India)-এর দীর্ঘদিনের যৌথ প্রতিশ্রুতির অংশ—যার লক্ষ্য মাদক চক্র ভেঙে ফেলা এবং পাচার নেটওয়ার্ক ধ্বংস করা।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (Treasury Department)-এর অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল দুই ভারতীয় নাগরিক এবং কেএস ফার্মেসির ওপর নিষেধাজ্ঞা দেয়। অভিযোগ অনুযায়ী, তারা যুক্তরাষ্ট্র ও ডোমিনিকান রিপাবলিকের চোরাকারবারিদের সঙ্গে মিলে ভুয়া ওষুধ বিক্রি করছিল। ওইসব ওষুধে ফেন্টানাইল, ফেন্টানাইল জাতীয় রাসায়নিক এবং মেথামফেটামিন মেশানো ছিল।


