দশ বছর পর মার্কিন শীর্ষ নেতার চীন সফর, বেইজিংয়ে লাল গালিচা সংবর্ধনায় ট্রাম্প

দুই দিনের সফরে বুধবার সন্ধ্যায় চীন (China) পৌঁছেছেন যুক্তরাষ্ট্র (United States)-এর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প (Donald Trump)। গত দশ বছরের মধ্যে এটি মার্কিন কোনো শীর্ষ নেতার চীন সফর—তাই কূটনৈতিক অঙ্গনে সফরটি ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বিশেষ নজর।

বিবিসি ও চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া (Xinhua)-এর খবরে বলা হয়েছে, এয়ারফোর্স ওয়ানে করে বেইজিং পৌঁছান ট্রাম্প। সফরে তার সঙ্গে রয়েছেন ছেলে এরিক ট্রাম্প এবং পুত্রবধূ লারা ট্রাম্প।

বেইজিংয়ে পৌঁছানোর পর ট্রাম্পকে বিমানবন্দরে স্বাগত জানান চীনের ভাইস-প্রেসিডেন্ট হান ঝেং (Han Zheng)। সেখানে মার্কিন প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

ট্রাম্প যখন তার বিমানের সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন, তখন নীল ও সাদা ইউনিফর্ম পরা প্রায় ৩০০ চীনা শিশু মার্কিন ও চীনা পতাকা নাড়ছিল। দৃশ্যটি ছিল আনুষ্ঠানিক, কিন্তু বার্তাটি ছিল কূটনৈতিক সৌজন্যের—দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ মুহূর্তকে ঘিরে সাজানো এক অভ্যর্থনা।

হান ঝেং ও ট্রাম্প যখন একসঙ্গে লাল গালিচা ধরে হাঁটছিলেন, তখন শিশুরা ম্যান্ডারিন ভাষায় স্লোগান দিচ্ছিল—স্বাগতম, স্বাগতম, আন্তরিকভাবে স্বাগতম।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা (Al Jazeera) জানিয়েছে, বুধবার বেইজিংয়ে ট্রাম্পের কোনো প্রকাশ্য অনুষ্ঠান নেই। তবে বৃহস্পতিবার ও শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)-এর সঙ্গে একাধিক বৈঠকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে।