তারেক রহমান (Tarique Rahman)-এর ঢাকা বিশ্ববিদ্যালয় সফরকে ঘিরে সামাজিক মাধ্যমে তার ছাত্রজীবন নিয়ে ওঠা বিতর্কের জবাব দিয়েছেন ড. আসিফ নজরুল (Dr. Asif Nazrul)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা জানিয়েছেন, তারেক রহমান সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং আইন বিভাগে নিয়মিত ক্লাসও করেছিলেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল বলেন, “তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আইন বিভাগের উপরের ব্যাচের ছাত্র হিসেবে তখনই বিষয়টা আমি জানতাম।”
তিনি জানান, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka)-এর আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। তার ভাষ্যমতে, তিনি প্রায় দুই মাস নিয়মিত ক্লাসও করেছিলেন।
আসিফ নজরুল আরও উল্লেখ করেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে ছিলেন সাবেক জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী (Shirin Sharmin Chaudhury), সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব।
তারেক রহমানের পড়াশোনা অসম্পন্ন থেকে যাওয়ার পেছনে সে সময়কার রাজনৈতিক বাস্তবতাকে দায়ী করেন আসিফ নজরুল। তিনি বলেন, তখন দেশে জেনারেল এরশাদের কর্তৃত্ববাদী শাসন চলছিল এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃ’\ত্যু নিয়ে এরশাদের সংশ্লিষ্টতার অভিযোগও রাজনৈতিক অঙ্গনে আলোচিত ছিল।
ড. আসিফ নজরুলের মতে, সেই সময়কার রাজনৈতিক অস্থিরতা এবং সম্ভাব্য নিরাপত্তাজনিত ঝুঁকির কারণেই তারেক রহমানের বিশ্ববিদ্যালয়জীবন দীর্ঘায়িত হয়নি এবং তা সংক্ষিপ্ত হয়ে যায়।
সামাজিক মাধ্যমে সম্প্রতি তারেক রহমানের শিক্ষা ও বিশ্ববিদ্যালয়-সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও আলোচনা শুরু হলে আসিফ নজরুলের এই বক্তব্য নতুন করে বিষয়টিকে আলোচনায় নিয়ে এসেছে।


