ইরান (Iran)-এর বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে পরাজিত হবে এবং সেই পরাজয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি (Rear Admiral Habibollah Sayyari)।
বৃহস্পতিবার (১৪ মে) ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
সায়ারি দাবি করেন, ইরানি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, অবিচলতা এবং জনগণের অকুণ্ঠ সমর্থনের কারণে যেকোনো সংঘাতে যুক্তরাষ্ট্রকে পরাজয়ের মুখ দেখতে হবে। তার ভাষায়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
সম্প্রতি ‘ডেনা ডেস্ট্রয়ার’ রণতরীর শহীদদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা (Civil Aviation Organization of Iran)-এর ভূমিকার প্রশংসাও করেন তিনি। শহীদদের জানাজায় সাধারণ মানুষের বিপুল উপস্থিতিকে ‘মহাকাব্যিক’ বলে বর্ণনা করেন সায়ারি।
নিজ বক্তব্যে তিনি ভূমধ্যসাগরে ইরানি নৌবাহিনীর প্রথম উপস্থিতির প্রসঙ্গও তুলে ধরেন। আয়াতুল্লাহ আলী খামেনি (Ayatollah Ali Khamenei)-র নির্দেশনায় সব ধরনের নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা অতিক্রম করে কৌশলগত নৌবাহিনীর এই অগ্রযাত্রা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল বলে দাবি করেন তিনি।
বাব আল-মানদাব প্রণালি ও লোহিত সাগর অতিক্রমের সময় শত্রুপক্ষের প্রতিক্রিয়াকে তিনি “মৌমাছির মতো গুঞ্জন” বলে উল্লেখ করেন।
সায়ারি আরও বলেন, ভিয়েতনাম ও ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ইতিহাস রয়েছে। তার অভিযোগ, ওয়াশিংটন বিভিন্ন দেশে হ’\ত্যা, অভ্যুত্থান ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করে থাকে। তবে ইরানের বিরুদ্ধে এমন কোনো প্রচেষ্টা সফল হবে না বলেও জোর দাবি করেন তিনি।
তিনি বলেন, বর্তমান কঠিন পরিস্থিতিতে ইরানি জনগণের সামাজিক সহনশীলতা ও জাতীয় ঐক্য দেশের কর্মকর্তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের এই সংহতির প্রতি সরকারকে কৃতজ্ঞ থাকার আহ্বানও জানান ইরানের এই সামরিক কর্মকর্তা।
সূত্র: মেহের নিউজ এজেন্সি (Mehr News Agency)


