‘নরমাল ডেলিভারি নিশ্চিত করতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে’— স্বাস্থ্যমন্ত্রী

দেশে নতুন ওষুধ আনা হয়েছে, যা লেবার পেইন বিলম্বিত করে নরমাল ডেলিভারির সুযোগ বাড়াবে বলে জানিয়েছেন সরদার সাখাওয়াত হোসেন বকুল (Sardar Sakhawat Hossain Bokul)। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, মাতৃস্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে সরকার শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে।

শনিবার (১৬ মে) বিকেলে নরসিংদী (Narsingdi) জেলার বেলাবো উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশে নতুন ধরনের ওষুধ এসেছে, যার মাধ্যমে প্রসব ব্যথা বিলম্বিত করে মায়েদের নরমাল ডেলিভারির সুযোগ বাড়ানো সম্ভব হবে। এই সেবা কার্যকরভাবে পৌঁছে দিতে সরকার বড় পরিসরে স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে। তিনি বলেন, “আপনারা ধৈর্যের সঙ্গে আমাদের চিকিৎসাসেবা পাওয়ার জন্য অপেক্ষা করুন। আমরা ইনশাআল্লাহ দেশের প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করব।”

অনুষ্ঠানে তিনি আরও জানান, আগামী আট বছরের মধ্যে বাংলাদেশে কোনো প্রতিবন্ধী ব্যক্তি সরকারি ভাতার বাইরে থাকবে না। জুলাই মাস থেকেই নতুন করে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় আনার কার্যক্রম শুরু হবে। তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, যেসব পরিবারে প্রতিবন্ধী সদস্য আছেন, তাদের নাম দ্রুত জমা দিতে হবে।

সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, নির্বাচনের আগে তারা জনগণকে অবাস্তব প্রতিশ্রুতি দেননি। বরং এমন সহায়তা দিতে চেয়েছেন, যা মানুষের বাস্তব জীবনে উপকার বয়ে আনবে। তিনি বলেন, সরকার তিন ধরনের সহায়তা কার্যক্রম চালু করেছে, যাতে পরিবারগুলো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে এবং মায়েরা সন্তানদের সঠিকভাবে লালন-পালন করতে পারেন।

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সুবিধাভোগীরা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে পাবেন বলেও জানান তিনি। তার ভাষায়, এই কার্ডের মাধ্যমে বছরে ৩০ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত নারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “আপনাদের আর কারও কাছে হাত পাততে হবে না। বরং এমন সময় আসবে, যখন পরিবারের অন্যরাই আপনাদের কাছে সাহায্য চাইবে।” তার এই বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে হাস্যরস ও করতালির সৃষ্টি হয়।