সিনেমা ও সংস্কৃতি খাতে বিনিয়োগ আরও জোরালো করছে সৌদি আরব (Saudi Arabia)। এতদিন দেশটি সংস্কৃতি খাতে নির্মাণ ব্যয়ের ৪০ শতাংশ পর্যন্ত আর্থিক প্রণোদনা দিয়ে আসছিল। এবার সেই সহায়তার পরিমাণ বাড়িয়ে ৬০ শতাংশ পর্যন্ত নিতে রাজি হয়েছে সৌদি কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে চলচ্চিত্র শিল্পকে ঘিরে নতুন অবস্থান তৈরির লক্ষ্যে এই ঘোষণা গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার, ১৫ মে, কান চলচ্চিত্র উৎসব (Cannes Film Festival)-এ আনুষ্ঠানিকভাবে এ পরিকল্পনার কথা জানায় সৌদি ফিল্ম কমিশন (Saudi Film Commission)। উৎসবের ‘মার্শে দু ফিল্ম (Marché du Film)’ সেশনে এই উদ্যোগ তুলে ধরেন কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন নাসের আল-কাহতানি।
মার্কিন বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি (Variety)-এর প্রতিবেদন অনুযায়ী, শুধু প্রণোদনার হার বাড়ানোতেই সীমাবদ্ধ থাকছে না সৌদি সরকার। অর্থ ছাড়ের প্রক্রিয়া আরও সহজ করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। একই সঙ্গে নির্মাতাদের জন্য আর্থিক সহায়তা পর্যবেক্ষণ ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানোর কথাও বলা হয়েছে।
এর পাশাপাশি রাষ্ট্রীয় সহায়তাপ্রাপ্ত কালচারাল ডেভেলপমেন্ট ফান্ড (Cultural Development Fund)-এর সঙ্গে যৌথভাবে নতুন অর্থায়ন প্যাকেজ চালুর কথাও জানিয়েছে সৌদি ফিল্ম কমিশন। এই উদ্যোগের ফলে সৌদি আরবকে মধ্যপ্রাচ্যের নতুন প্রযোজনা হাব হিসেবে দেখছেন অনেকেই।
তবে ঘোষণায় এখনো নির্মাণ বাজেটের সীমা কিংবা বার্ষিক প্রণোদনার সর্বোচ্চ পরিমাণ প্রকাশ করা হয়নি। ফলে নতুন এই কার্যক্রম বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে আন্তর্জাতিক প্রযোজকদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
প্রসঙ্গত, গত বছর পর্দা থেকে সৌদি রাজস্ব বিভাগ প্রায় ১ বিলিয়ন ডলার আয় করেছে। এখন চলচ্চিত্র নির্মাণে ব্যয় ও সহায়তা—দুটিই বাড়ানোর পথে হাঁটছে দেশটি। তাই সংশ্লিষ্টদের ধারণা, বিনিয়োগ বাড়লে আয়ও আরও বাড়তে পারে।


