বিশ্বের ৯৩টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল বা পৌঁছানোর পর ভিসা সুবিধা দিয়ে থাকে থাইল্যান্ড (Thailand)। এতদিন এই সুবিধার আওতায় দেশটিতে ৬০ দিন পর্যন্ত অবস্থান করা যেত। তবে এবার সেই মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে থাই সরকার।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকায়েও (Sihasak Phuangketkeow) জানান, অন-অ্যারাইভাল ভিসার সুযোগ নিয়ে অনেক বিদেশি পর্যটক দেশটিতে এসে এর অপব্যবহার করছেন। মূলত সেই প্রবণতা ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, শুধু অন-অ্যারাইভাল ভিসা নয়, অন্যান্য ভিসা ব্যবস্থাতেও আরও কঠোর নজরদারি আনা হবে। ভিসা নিয়ে কেউ যে উদ্দেশ্যে থাইল্যান্ডে প্রবেশ করছেন, বাস্তবেও তিনি সেই উদ্দেশ্য পূরণ করছেন কি না—তা নিশ্চিত করতে চায় সরকার।
বিশ্বজুড়ে পর্যটকদের কাছে ছুটি কাটানোর অন্যতম জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত থাইল্যান্ডে সারা বছরই বিদেশি ভ্রমণকারীদের ভিড় থাকে। সমুদ্রসৈকত, নাইটলাইফ, ঐতিহ্যবাহী সংস্কৃতি ও তুলনামূলক সহজ ভিসা ব্যবস্থার কারণে দেশটি দীর্ঘদিন ধরেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্র।
তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন কড়াকড়ি আরোপের কারণে দেশটিতে পর্যটক আগমন কিছুটা কমেছে বলেও জানা গেছে।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ মে পর্যন্ত থাইল্যান্ডে প্রায় ১ কোটি ১৪ লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪৩ শতাংশ কম।


