‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াতের

ধর্ষণের শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’কে ‘মধ্যযুগীয়’ আখ্যা দিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)। দলটির দাবি, এ ধরনের মন্তব্য রাসূল (সা.)-এর বিচারব্যবস্থা এবং ইসলামী শরিয়া আইনের প্রতি অবমাননার শামিল।

শুক্রবার (২২ মে) দুপুরে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার (Mia Golam Parwar)।

বিবৃতিতে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed) ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’কে ‘মধ্যযুগীয়’ বলে যে মন্তব্য করেছেন, তাতে মূলত রাসূল (সা.)-এর বিচারব্যবস্থাকেই অবজ্ঞা করা হয়েছে। দেশের মুসলিম জনগোষ্ঠী এ বক্তব্যকে রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননা হিসেবে দেখছে বলেও উল্লেখ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সরকারি দলের নীতিনির্ধারকেরা প্রায়ই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরিয়া-বিরোধী কোনো আইন প্রণয়ন না করার’ অঙ্গীকারের কথা বললেও বাস্তবে ইসলামী শরিয়া আইনকে ‘মধ্যযুগীয়’ আখ্যা দিয়ে হেয় প্রতিপন্ন করা হয়েছে। তার ভাষায়, এটি সরকারের “আদর্শিক দেউলিয়াত্ব, সস্তা রাজনৈতিক অবস্থান এবং চরম দ্বিচারিতার বহিঃপ্রকাশ।”

তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। একই সঙ্গে তিনি বলেন, ধর্মপ্রাণ নাগরিক সমাজ মনে করে, এই মন্তব্যের মাধ্যমে ইসলামী শরিয়া আইনের প্রতিও অবমাননা প্রদর্শন করা হয়েছে।

বিবৃতির শেষাংশে জামায়াতের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়।