যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমাতে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি চুক্তির খসড়া প্রকাশ

যুক্তরাষ্ট্র (United States) ও ইরান (Iran)-এর মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) পাকিস্তানি নীতিবিশেষজ্ঞ আলী কে চিশতি (Ali K Chishti) সামাজিক যোগাযোগমাধ্যমে খসড়াটির বিভিন্ন অংশ প্রকাশ করেন।

তার দাবি, পাকিস্তানের উদ্যোগে প্রস্তুত হওয়া এ ঘোষণাপত্রে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্রুত যুদ্ধবিরতি এবং সামরিক উত্তেজনা কমিয়ে আনার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রকাশিত খসড়া অনুযায়ী, দুই দেশ স্থল, সমুদ্র ও আকাশ—সব ধরনের সামরিক সংঘাত বন্ধে তাৎক্ষণিক, পূর্ণাঙ্গ এবং শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে। একই সঙ্গে বেসামরিক, সামরিক ও অর্থনৈতিক স্থাপনাকে লক্ষ্যবস্তু না করার পারস্পরিক অঙ্গীকারের কথাও এতে উল্লেখ করা হয়েছে।

খসড়ায় আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ (United Nations) সনদের প্রতি সম্মান প্রদর্শনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি একে অপরের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়েও জোর দেওয়া হয়েছে।

এতে তথাকথিত “মিডিয়া যুদ্ধ” বন্ধের প্রস্তাবও রাখা হয়েছে, যাতে উভয় পক্ষ উত্তেজনাকর প্রচারণা ও উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকে।

এ ছাড়া পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও ওমান সাগরে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার বিষয়টিও খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে যৌথ পর্যবেক্ষণ ব্যবস্থা ও বিরোধ নিষ্পত্তির কাঠামো গঠনের প্রস্তাবও রাখা হয়েছে।

ঘোষণাপত্রে বলা হয়েছে, চুক্তি কার্যকর হওয়ার সাত দিনের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে। পাশাপাশি ইরান চুক্তির শর্ত পুরোপুরি মেনে চললে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয় বিবেচনা করতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে এ ধরনের কূটনৈতিক উদ্যোগ বাস্তবায়িত হলে আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।