নারায়ণগঞ্জের একটি খামারে বেড়ে ওঠা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন শুধু দেশের আলোচনায় সীমাবদ্ধ নেই, বরং আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। ভারত, পাকিস্তান ও তুরস্ক ছাড়িয়ে যুক্তরাজ্য, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রভাবশালী সংবাদমাধ্যমেও জায়গা করে নিয়েছে বাংলাদেশের এই ব্যতিক্রমী মহিষটি। এবার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইরানও।
শুক্রবার (২২ মে) ইরানের দূতাবাস (Embassy of Iran) তাদের রাশিয়াভিত্তিক আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে মহিষটির একটি ভিডিও শেয়ার করে। পোস্টে মজার ছলে লেখা হয়, “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশি মহিষটি বিরক্ত বোধ করছে।”
ভিডিওটি প্রকাশ করেছিল আরটি (RT)। শেয়ার করা পোস্টে আরটির শিরোনামও যুক্ত করা হয়। সেখানে উল্লেখ করা হয়, ট্রাম্পের মতো দেখতে বাংলাদেশের একটি মহিষকে দেখতে বিপুল সংখ্যক মানুষ ভিড় করছেন, যার কারণে তার খাওয়ার আগ্রহও নাকি কমে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর সঙ্গে মুখাবয়বের কিছু মিল থাকায় রসিকতা করে মহিষটির এমন নাম রাখা হয়। প্রায় ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটির সোনালি রঙের চুল এবং মুখের গড়ন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। নারায়ণগঞ্জ (Narayanganj)-এর রাবেয়া এগ্রো ফার্মে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা।
মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা জানিয়েছেন, তার ছোট ভাই প্রথমে মজা করে এই নামটি প্রস্তাব করেন। তিনি বলেন, মহিষটি স্বভাবগতভাবে খুব শান্ত এবং অ্যালবিনো প্রজাতির মহিষ সাধারণত সহজ-স্বভাবের হয়ে থাকে। অযথা উত্তেজিত না করলে এরা আক্রমণাত্মক আচরণ করে না বলেও জানান তিনি।
এদিকে টাইমস অব ইন্ডিয়া (Times of India) তাদের প্রতিবেদনে বাংলাদেশের ভাইরাল মহিষগুলো নিয়ে বিশেষ শিরোনাম প্রকাশ করেছে। সেখানে ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘বেনিয়ামিন নেতানিয়াহু’-র মতো দেখতে মহিষগুলোর প্রসঙ্গ তুলে ধরা হয়।
অন্যদিকে ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি এবং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও বিষয়টি নিয়ে আলাদা প্রতিবেদন প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্টের ‘কমান্ডার ইন চিফ’ উপাধিকে রসিকতার ছলে বদলে এএফপি মহিষটিকে ‘কমান্ডার ইন বিফ’ বলে উল্লেখ করেছে। আর রয়টার্স তাদের প্রতিবেদনের শিরোনামে বলেছে, বাংলাদেশের বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ ঈদকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


