নারায়ণগঞ্জের একটি খামারে বেড়ে ওঠা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। চেহারার গড়ন এবং সোনালি রঙের চুলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছুটা মিল থাকায় মজা করেই রাখা হয়েছিল এই ব্যতিক্রমী নাম। তবে সেই রসিকতাই এখন বিশ্বজুড়ে কৌতূহলের জন্ম দিয়েছে।
সম্প্রতি ইরানের দূতাবাস (Embassy of Iran) রাশিয়াভিত্তিক তাদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে মহিষটির একটি ভিডিও শেয়ার করে। পোস্টে তারা রসিকতার সুরে লেখে, “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশি মহিষটি বিরক্ত।”
ভিডিওটি প্রকাশ করেছে আরটি (RT)। সেখানে উল্লেখ করা হয়, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ মহিষটিকে দেখতে ভিড় করছেন। এমনকি অতিরিক্ত মনোযোগের কারণে তার খাওয়ার আগ্রহও কমে গেছে বলেও মজারভাবে উল্লেখ করা হয়।
প্রায় ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা (Ziauddin Mridha) জানিয়েছেন, তার ছোট ভাই মজা করে মহিষটির এই নাম রেখেছিলেন। তিনি বলেন, মহিষটি স্বভাবগতভাবে বেশ শান্ত এবং মানুষের সঙ্গে সহজেই মানিয়ে নেয়।
বাংলাদেশের এই ব্যতিক্রমী ‘ট্রাম্প মহিষ’ ইতোমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমেরও নজর কাড়তে সক্ষম হয়েছে। রয়টার্স (Reuters), এএফপি এবং টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ফলে স্থানীয় একটি খামারের অ্যালবিনো মহিষ এখন বিশ্বমঞ্চে আলোচিত এক অদ্ভুত কৌতূহলের নাম হয়ে উঠেছে।


