নজরুলের ‘রুম ঝুম’ দিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা, শুরু হচ্ছে নতুন সিজনের যাত্রা

দীর্ঘ ছয় মাসের বিরতির পর নতুন আয়োজন নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে ফিরছে জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম কোক স্টুডিও বাংলা। শনিবার (২৩ মে) সন্ধ্যায় প্রকাশিত হতে যাচ্ছে এর চতুর্থ সিজনের প্রথম গান। নতুন এই যাত্রার শুরু হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় সংগীত ‘রুম ঝুম’ দিয়ে।

নজরুলের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে বিশেষ সাংস্কৃতিক উপস্থাপনা হিসেবে গানটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু একটি গান নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘদিনের সাংস্কৃতিক ইতিহাস এবং সংগীত ঐতিহ্যের গল্পও।

‘রুম ঝুম’ গানটির মূল সুরের উৎস অটোমান-তুর্কি লোকসংগীত ‘উস্কুদারা গিদের ইকেন’। পরবর্তীতে কাজী নজরুল ইসলাম এই সুরকে গ্রহণ করে বাংলা বর্ষা ও কবিতার আবহে নতুন রূপ দেন। দীর্ঘ সময় ধরে বাংলাদেশে গানটি পরিচিত ও জনপ্রিয় থাকলেও এর পেছনের সাংস্কৃতিক যাত্রা অনেকের কাছেই অজানা ছিল। এবার সেই ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে ভিন্নভাবে তুলে ধরছে কোক স্টুডিও বাংলা।

নতুন এই পরিবেশনায় কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি শিল্পী মাহতিম শাকিব ও নুসরাত জাহান। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন তুরস্কের শিল্পী আলিফ হান্দে সেভগেল এবং মোস্তফা ইপেক।

এই গানের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলার মঞ্চে অভিষেক হচ্ছে মাহতিম শাকিবের। একইসঙ্গে নতুন কণ্ঠ হিসেবে যাত্রা শুরু করছেন নুসরাত জাহানও।

নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে মাহতিম শাকিব বলেন, ‘রুম ঝুম-এর অংশ হতে পারা আমার জন্য সত্যিই বিশেষ অনুভূতি। গানটি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে। কোক স্টুডিও বাংলা এমন একটি জায়গা তৈরি করেছে, যেখানে পুরোনো ও কালজয়ী সংগীতকে বর্তমান প্রজন্মের কাছে নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে, অথচ তার শেকড় ও ঐতিহ্যও অক্ষুণ্ন রাখা হয়েছে।’

অন্যদিকে নুসরাত জাহান বলেন, ‘এই গানটি আমার কাছে খুবই ব্যক্তিগত ও আবেগের জায়গার। সংগীত প্রযোজক শুভেন্দু ভাইয়া ছোটবেলা থেকেই আমাকে ও আমার ভাইকে পথ দেখিয়েছেন। এই কোলাবরেশন আমার কাছে স্বপ্নপূরণের মতো অনুভূতি।’

জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ‘রুম ঝুম’। নতুন এই সিজনে বিভিন্ন আবেগ, ধারা ও সংগীত ঐতিহ্যকে কেন্দ্র করে মোট আটটি গান থাকছে।