ওয়াজ মাহফিলের বক্তব্য ঘিরে নিরাপত্তা শঙ্কা, আমির হামজার বিরুদ্ধে অভিযোগ রাশেদ খাঁনের

বিএনপি নেতা রাশেদ খাঁন (Rashed Khan) অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা (Amir Hamza) একটি ওয়াজ মাহফিলে তাকে ঘিরে এমন বক্তব্য দিয়েছেন, যা তার জীবনের জন্য হু’\মকি তৈরি করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তুলে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

রাশেদ খাঁন জানান, এর আগেও এক ওয়াজ মাহফিলে আমির হামজা তাকে উদ্দেশ করে মন্তব্য করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ওই মাহফিলে বলা হয়েছিল—‘তার চোদ্দগুষ্টি আওয়ামীলীগ। শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, সেটি বাস্তবায়নে যে কাজ করবে না, সে যে দলেরই হোক, সে জাহান্নামে যাবে।’

রাশেদ খাঁনের দাবি, বিভিন্ন টকশোতে আমির হামজার কার্যক্রম নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেওয়ার কারণেই তিনি এখন টার্গেটে পরিণত হয়েছেন। পোস্টে তিনি লেখেন, ‘ফ্যাসিবাদের এই দোসরের এসব অপকর্ম টকশোতে তুলে ধরার জন্য সে হয়তো আমার ওপর ক্ষিপ্ত হয়েছে।’

রাজনৈতিক বক্তব্য ও ধর্মীয় মঞ্চের বক্তব্যের মধ্যে পার্থক্য টেনে বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক অঙ্গনে দেওয়া বক্তব্যকে রাজনৈতিকভাবেই দেখা যায়। তবে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ওয়াজ মাহফিলে কাউকে লক্ষ্য করে বক্তব্য দেওয়া ভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করে।

তিনি লেখেন, ‘রাজনৈতিক ময়দান থেকে যদি আমির হামজা আমার বিরুদ্ধে কোনো বক্তব্য দিতো, সেটাকে রাজনৈতিকভাবেই দেখতাম। কারণ আমি জানি, রাজনৈতিক কর্মীরা এসব বক্তব্যকে রাজনৈতিক হিসেবে নেয়। কিন্তু ধর্মীয় সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ওয়াজ মাহফিলে আমার বিরুদ্ধে বক্তব্য দেওয়া আমার জীবনের জন্য থ্রেট।’

সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাশেদ খাঁন আরও বলেন, তিনি আশঙ্কা করছেন আমির হামজার উগ্র সমর্থক গোষ্ঠী তার বিরুদ্ধে ‘মব’ পরিস্থিতি তৈরি করতে পারে। তার দাবি, যদি ভবিষ্যতে তার কোনো ক্ষতি হয়, তবে এর দায় আমির হামজাকেই নিতে হবে।

এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আমির হামজার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।