রাজধানীর ঢাকা মেট্রোরেল (Dhaka Metro Rail)-এ সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)। সরকারের জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে এ বিশেষ সুবিধা চালু করা হচ্ছে।
সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে আনুষ্ঠানিকভাবে এই সুবিধার উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম (Sheikh Robiul Alam)। ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ উপ-প্রকল্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৫ বছর বা তার বেশি বয়সী যাত্রীরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন।
এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শন করে একই হারে ভাড়া ছাড় সুবিধা গ্রহণ করতে পারবেন।
ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের নিয়মিত যাতায়াত কিছুটা সহজ ও সাশ্রয়ী হবে।
