পঞ্চমবার ১০ নম্বর জার্সিতে মেসি, বিশ্বকাপের আগে আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে লিওনেল স্কালোনি (Lionel Scaloni) নেতৃত্বাধীন আর্জেন্টিনা (Argentina) জাতীয় ফুটবল দল ঘোষণা করেছে তাদের চূড়ান্ত স্কোয়াড। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে খেলোয়াড়দের জার্সি নম্বরও। দলটির অধিনায়ক ও সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি (Lionel Messi) এবারও নিজের পরিচিত ১০ নম্বর জার্সি গায়ে তুলছেন।

বিশ্বকাপে মেসির ১০ নম্বর জার্সির গল্প নতুন নয়। ২০১০ সালে প্রথমবার এই জার্সি পরে বিশ্বকাপ মঞ্চে নামেন তিনি। এরপর ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে একই জার্সিতে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন। ২০১৮ ও ২০২২—দুই আসরেও ১০ নম্বর জার্সিতেই খেলেছেন মেসি। বিশেষ করে ২০২২ সালে তার নেতৃত্বে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ শিরোপা জেতে আর্জেন্টিনা।

এবারের আসরে আরও একটি ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন মেসি। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে কোনো খেলোয়াড় এতবার বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরেননি। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা (Diego Maradona) চারটি বিশ্বকাপে এই ঐতিহাসিক জার্সি পরে খেলেছিলেন, আর মেসির ক্ষেত্রে সেটি হতে যাচ্ছে পঞ্চমবার—যা নিজেই একটি নতুন রেকর্ড।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ১ নম্বর জার্সি পরবেন গোলরক্ষক হুয়ান মুসো। ২ নম্বরে রয়েছেন লিওনার্দো বালের্দি, ৩ নম্বরে নিকোলাস তাগলিয়াফিকো এবং ৪ নম্বর জার্সিতে খেলবেন গনসালো মন্তিয়েল। ৫ নম্বরে থাকছেন লিয়ান্দ্রো পারেদেস, ৬ নম্বরে লিসান্দ্রো মার্টিনেজ এবং ৭ নম্বরে রদ্রিগো ডি পল। ৮ নম্বর জার্সি পেয়েছেন ভ্যালেন্তিন বার্কো, ৯ নম্বরে খেলবেন হুলিয়ান আলভারেজ এবং ১০ নম্বরে থাকছেন মেসি।

এছাড়া ১১ নম্বর জার্সি পেয়েছেন জিওভানি লো সেলসো। ১২ নম্বরে রয়েছেন জেরোনিমো রুলি এবং ১৩ নম্বরে ক্রিস্তিয়ান রোমেরো। ১৪ নম্বর জার্সি পরবেন এক্সেকিয়েল পালাসিওস, ১৫ নম্বরে নিকোলাস গনসালেস এবং ১৬ নম্বরে থিয়াগো আলমাদা। ১৭ নম্বর জার্সি পেয়েছেন জুলিয়ানো সিমেওনে, ১৮ নম্বরে থাকছেন নিকো পাজ এবং ১৯ নম্বর জার্সি পরবেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। ২০ নম্বর জার্সিতে মাঠে নামবেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (Alexis Mac Allister)।

দলের বাকি সদস্যদের মধ্যে ২১ নম্বর জার্সি পরবেন হোসে ম্যানুয়েল লোপেস। ২২ নম্বর জার্সি পেয়েছেন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ এবং ২৩ নম্বরে থাকছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ২৪ নম্বর জার্সি পরবেন এনজো ফার্নান্দেজ, ২৫ নম্বরে থাকছেন ফাকুন্দো মেদিনা এবং ২৬ নম্বর জার্সিতে মাঠে নামবেন নাহুয়েল মোলিনা।

সূত্র: মুন্দো আলবিসেলেস্তে (Mundo Albiceleste)