দেশের বিভিন্ন জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ উঠেছে। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে নেতাকর্মী, সাংবাদিক এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি মিডিয়া সেল (BNP Media Cell)।
সোমবার (৮ জুন) সকালে মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল (Prof. Dr. Mowdud Hossain Alamgir Pavel)-এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের কয়েকটি জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি ঘোষণা ও প্রচারের বিষয়টি তাদের নজরে এসেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মিডিয়া সেলের পরিচয়ে পরিচালিত বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটির কার্যক্রমও পর্যবেক্ষণে এসেছে।
বিএনপি মিডিয়া সেল স্পষ্টভাবে জানিয়েছে, কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশে জেলা, মহানগর বা অন্য কোনো পর্যায়ে এ নামে কোনো কমিটি গঠন করা হয়নি। ফলে যারা নিজেদের বিএনপি মিডিয়া সেলের অনুমোদিত কমিটির সদস্য বা প্রতিনিধি হিসেবে পরিচয় দিচ্ছেন, তাদের সঙ্গে সংগঠনটির কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অনুমোদনহীন ও ভুয়া কমিটি গঠন কিংবা এ ধরনের পরিচয় ব্যবহার করে কার্যক্রম পরিচালনাকারীদের বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া বিভ্রান্তিকর তথ্য, ভুয়া তালিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অননুমোদিত প্রচারণা থেকে সতর্ক থাকার জন্য দলীয় নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো সাংগঠনিক তথ্য বা কমিটি সংক্রান্ত ঘোষণা যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস না করে কেন্দ্রীয়ভাবে অনুমোদিত সূত্র থেকে নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে।


