সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দিয়ে ইসলামী ব্যাংক (Islami Bank Bangladesh PLC)-এর গ্রাহকদের শান্ত ও আস্থাশীল থাকার আহ্বান জানিয়েছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলতাফ হোসেন (Muhammad Altaf Hossain)।
তিনি বলেছেন, ব্যাংকের আর্থিক ভিত্তি অত্যন্ত শক্তিশালী এবং বর্তমানে কোনো ধরনের বড় তারল্য সংকট নেই। গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank) সবসময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
সম্প্রতি বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর প্রচারণার কারণে কিছু গ্রাহকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং অতিরিক্ত অর্থ উত্তোলনের প্রবণতা দেখা গেছে। এ প্রেক্ষাপটে রোববার (৭ জুন) প্রকাশিত এক ভিডিও বার্তায় গ্রাহকদের আশ্বস্ত করেন ভারপ্রাপ্ত এমডি। তিনি বলেন, ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
মুহাম্মদ আলতাফ হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থানে কিছু গ্রাহক সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর দেখে বিভ্রান্ত হয়ে টাকা উত্তোলনের চেষ্টা করছেন। তাদের উদ্দেশে তিনি স্পষ্টভাবে বলেন, ইসলামী ব্যাংকের নিজস্ব আর্থিক সক্ষমতা যথেষ্ট মজবুত এবং ব্যাংক কোনো বড় ধরনের তারল্য সংকটে নেই।
গ্রাহকদের উদ্দেশে পূর্ণ নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, তাদের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় তারা ব্যাংক থেকে অর্থ উত্তোলন করতে পারবেন। একই সঙ্গে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও তিনি আশ্বাস দেন যে, গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
অতীতের একটি কঠিন সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়েও ব্যাংক বড় ধরনের চাপ ও সংকটের মুখোমুখি হয়েছিল। তবে দেশের মানুষের আস্থা ও সমর্থনের কারণে সেই পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়। পরবর্তীতে ব্যাংকের আমানত প্রায় ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। তার বিশ্বাস, বর্তমান সাময়িক পরিস্থিতিও কাটিয়ে উঠে ইসলামী ব্যাংক আবারও শক্ত অবস্থানে ফিরে আসবে।
ব্যাংকের পরিচালনা কাঠামো ও বিনিয়োগ ব্যবস্থাপনায় পরিবর্তনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, অতীতের বিতর্কিত সময়ের সঙ্গে বর্তমান বাস্তবতার কোনো মিল নেই। এখন প্রতিটি ঋণ ও বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কঠোর যাচাই-বাছাই নিশ্চিত করা হচ্ছে। পরিচালনা পর্ষদ প্রতিটি বিনিয়োগ অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যালোচনা করে অনুমোদন দিচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই এবং কোনো ব্যক্তিগত স্বার্থ ব্যাংকের বিনিয়োগ সিদ্ধান্তের সঙ্গে জড়িত নয়। ফলে ব্যাংকের অর্থ অন্য কোথাও সরে যাওয়া বা অপব্যবহারের সুযোগও নেই।
কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক অতীতেও সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা আরও জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ভিডিও বার্তার শেষাংশে মুহাম্মদ আলতাফ হোসেন আবারও সব শ্রেণির গ্রাহকদের উদ্দেশে অনুরোধ জানান, কোনো ধরনের অপপ্রচার বা গুজবে প্রভাবিত না হয়ে শান্ত থাকতে এবং ব্যাংকের প্রতি আস্থা বজায় রাখতে।


