পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে কঠিন এক পরীক্ষার মধ্য দিয়ে। ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভোররাতে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর মুখোমুখি হবে সেলেসাওরা। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল (Brazil)। দলের অন্যতম তারকা নেইমার (Neymar)-কে ছাড়াই মাঠে নামতে হচ্ছে তাদের। তবে এ অনুপস্থিতি নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন কোচ কার্লো আনচেলত্তি (Carlo Ancelotti)। তার বিশ্বাস, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের গতি, দক্ষতা ও সৃজনশীলতা দলকে এগিয়ে নিয়ে যাবে।
সেলেসাওদের আক্রমণভাগ যতটা শক্তিশালী, ততটাই সতর্ক থাকতে হবে রক্ষণেও। কারণ মরক্কো (Morocco) বর্তমানে বিশ্বের অন্যতম কার্যকর কাউন্টার-অ্যাটাকিং দল হিসেবে পরিচিত। আক্রমণে বেশি মনোযোগ দিতে গিয়ে রক্ষণে সামান্য ফাঁক তৈরি হলেও তার সুযোগ নিতে পারে অ্যাটলাস লায়ন্সরা।
ম্যাচের আগে আনচেলত্তি বলেন, ‘প্রতিটি বিভাগে আমাদের সেরা পারফরম্যান্স করতে হবে। মরক্কো আফ্রিকার অন্যতম সেরা দল। আমরা প্রস্তুত আছি নিজেদের সর্বোচ্চটা দিয়ে বিশ্বকাপের ভালো সূচনা করতে।’
কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে ওঠা মরক্কো এখন আরও পরিণত ও আত্মবিশ্বাসী একটি দল। আফ্রিকান ফুটবলের সেরা দলের তকমা নিয়ে তারা এবারও বড় স্বপ্ন দেখছে। শক্তিশালী রক্ষণভাগ, সংগঠিত মাঝমাঠ এবং আশরাফ হাকিমি (Achraf Hakimi)-র গতিময়তা তাদের সবচেয়ে বড় শক্তি। বিশেষ করে ডান প্রান্ত দিয়ে দ্রুত আক্রমণ গড়ে তোলার সক্ষমতা যে কোনো প্রতিপক্ষের জন্যই বড় হুমকি।
তবে হাই-প্রেসিং ফুটবলের বিপক্ষে মাঝে মাঝে ছন্দ হারানোর প্রবণতা রয়েছে মরক্কোর। ব্রাজিল সেই দুর্বলতাকে কাজে লাগাতে চাইবে ম্যাচের শুরু থেকেই।
মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি (Mohammed Ouahbi) বলেছেন, ‘আমাদের নিজেদের এবং নিজেদের পারফরম্যান্সের ওপর বিশ্বাস রাখতে হবে। ব্রাজিলকে ভয় পাওয়ার কিছু নেই, তবে অবশ্যই সম্মান করতে হবে। অনেকেই বলছেন এটি আগের মতো ভয়ংকর ব্রাজিল নয়, কিন্তু দিনশেষে দলটির নাম ব্রাজিলই।’
পরিসংখ্যানও আত্মবিশ্বাস জোগাচ্ছে অ্যাটলাস লায়ন্সদের। নিজেদের সর্বশেষ ৪৫ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে পরাজিত হয়েছে তারা। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের বিপক্ষে চমক দেখানোর অপেক্ষায় মরক্কো।


