ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জুনিয়র (Neymar Jr.) বর্তমানে চোটের কারণে মাঠে ফেরার অনিশ্চয়তার মধ্যে থাকলেও ব্যক্তিগত জীবনে পেয়েছেন আনন্দের এক বড় উপলক্ষ। বান্ধবী ব্রুনা বিনাকার্দি (Bruna Biancardi) তাদের নতুন সন্তানের আগমনের খবর প্রকাশ করেছেন। সবকিছু ঠিক থাকলে এটি হবে ব্রাজিলিয়ান সুপারস্টারের পঞ্চম সন্তানের জন্ম।
সম্প্রতি ব্রুনা বিনাকার্দি তার ইউটিউব চ্যানেলে ‘উই আর প্রেগন্যান্ট’ (আমরা সন্তান নিতে চলেছি) শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে নেইমার ও ব্রুনাকে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে এক ব্যতিক্রমধর্মী জেন্ডার রিভিল অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়।
ভিডিওতে নেইমার ও ব্রুনার সঙ্গে উপস্থিত ছিল তাদের আগের দুই কন্যাসন্তান মাভি (Mavie) ও মেল (Mel)। পাশাপাশি ছিলেন নেইমারের প্রথম সন্তান দাভি লুকাও (Davi Lucca)। অনুষ্ঠানের একপর্যায়ে সবার চোখ বেঁধে গায়ে রং লাগানো হয়। পরে যখন রঙের ফলাফল প্রকাশ করা হয়, তখন দেখা যায় গোলাপি রং—যা ইঙ্গিত দেয় যে নেইমারের পরিবারে আরও এক কন্যাসন্তান আসতে চলেছে।
এই আনন্দঘন মুহূর্তে রসিকতাও করেন নেইমার। হাসতে হাসতে তিনি বলেন, ‘আমি আজকেই একটা নতুন ব্যান্ড বানাবো, যার নাম হবে স্পাইস গার্লস!’
নেইমার ও প্রভাবশালী ইনফ্লুয়েন্সার ব্রুনা বিনাকার্দির সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে ২০২১ সালে। এরপর সম্পর্কের নানা উত্থান-পতনের মধ্য দিয়েও তারা একসঙ্গে পথ চলা অব্যাহত রেখেছেন। ২০২৩ সালে তাদের প্রথম কন্যাসন্তান মাভির জন্ম হয়। এরপর দুই বছর পর জন্ম নেয় মেল। এখন নতুন সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছে তাদের পরিবার।


