আম্বানি পরিবারের উপহার দেওয়া কোটি টাকার হীরার ব্রেসলেট নিয়ে মুখ খুললেন রিহানা

বিশ্বখ্যাত পপতারকা রিহানা (Rihanna) এবং আম্বানি পরিবার (Ambani Family)-এর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত কয়েক বছরে পরিবারের একাধিক জাঁকজমকপূর্ণ আয়োজনে অংশ নিয়ে আম্বানিদের বিশেষ অতিথিদের তালিকায় জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক এই সংগীত তারকা। এবার সেই সম্পর্কের আরেকটি দিক সামনে এসেছে একটি মূল্যবান উপহারকে কেন্দ্র করে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রিহানাকে একটি নজরকাড়া হীরাখচিত ব্রেসলেট পরিহিত অবস্থায় দেখা যায়। ব্রেসলেটটি নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, এটি তিনি আম্বানি পরিবারের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন।

২০২৪ সালে অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)-এর প্রাক্‌বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করতে ভারতে এসেছিলেন রিহানা। সেই আয়োজন বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। পরবর্তীতে ফ্রান্সে অনুষ্ঠিত বিলাসবহুল ক্রুজ উদ্‌যাপনেও অংশ নেন তিনি। এরপর বিভিন্ন সময় ভারত সফরের সূত্রে আম্বানি পরিবারের সঙ্গে তার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে।

সম্প্রতি নিজের প্রসাধনী ব্র্যান্ডের প্রচারণামূলক কার্যক্রমে মুম্বাই সফরে গিয়ে আম্বানি পরিবারের আতিথ্য গ্রহণ করেন রিহানা। জানা গেছে, সেই সফরেই তিনি এই মূল্যবান উপহারটি পেয়েছেন।

প্রথম দেখায় ব্রেসলেটটি সাধারণ মনে হলেও গয়না বিশেষজ্ঞদের মতে এটি অত্যন্ত বিরল ও ব্যয়বহুল একটি অলংকার। খ্যাতনামা গয়না বিশেষজ্ঞ প্রিয়াংশু গোয়েল (Priyanshu Goyal)-এর দাবি, হীরাখচিত ‘টেনিস ব্রেসলেট’টির আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ২০ লাখ রুপি।

গয়নার প্রতি রিহানার বিশেষ অনুরাগ দীর্ঘদিন ধরেই ভক্তদের কাছে পরিচিত। বিভিন্ন অনুষ্ঠান ও জনসমক্ষে তাকে প্রায়ই বিরল ও দামী গয়নায় দেখা যায়। সাম্প্রতিক সাক্ষাৎকারেও তার হাতে ছিল একাধিক ভিন্টেজ হীরার ব্রেসলেট, একটি বিলাসবহুল রোলেক্স ঘড়ি এবং আঙুলে ‘মম’ লেখা একটি বিশেষ আংটি।

এ ছাড়া তার গলায় শোভা পাচ্ছিল বিখ্যাত জুয়েলারি ব্র্যান্ড মেরিনা বি (Marina B)-এর একটি হীরার নেকলেস, যা তিনি ডেনিম পোশাকের সঙ্গে পরেছিলেন। পোশাক ও গয়নার এই ব্যতিক্রমী সমন্বয়ও ভক্তদের নজর কাড়ে।

অন্যদিকে, নীতা আম্বানির বিরল ও দুষ্প্রাপ্য গয়নার সংগ্রহ বহুদিন ধরেই আলোচনার বিষয়। অতিথিদের মূল্যবান উপহার দেওয়ার সংস্কৃতিও আম্বানি পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ। সেই ধারাবাহিকতায় রিহানার জন্যও বিশেষ এই উপহারটি দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।