দুর্ঘটনায় পা ভাঙা কিশোর মাইমুলের চিকিৎসায় প্রয়োজন ২০ লাখ টাকা, সহায়তার আবেদন মায়ের

ভোলা জেলার ১৬ বছর বয়সী কিশোর মো. মাইমুল ইসলাম মুন্না গত বছর এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার ডান পা তিনটি স্থানে ভেঙে যায়। দীর্ঘদিন ধরে চিকিৎসা চললেও সম্পূর্ণ সুস্থতার জন্য এখনো প্রয়োজন উন্নত ও ব্যয়বহুল চিকিৎসা। চিকিৎসকদের মতে, যথাযথ চিকিৎসা অব্যাহত রাখতে পারলে মাইমুলের পা রক্ষা করা সম্ভব।

বর্তমানে মাইমুল রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। তবে তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা, যা পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না।

মাইমুলের মা মাহেনুর বেগম জানান, তিনি একজন বিধবা নারী। সেলাই মেশিনে কাজ করে দুই সন্তানের ভরণ-পোষণ ও পড়ালেখার খরচ কোনোভাবে চালিয়ে আসছিলেন। কিন্তু ছেলের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে ইতোমধ্যে তাদের ভিটেবাড়িসহ যা কিছু সম্পদ ছিল, সব বিক্রি করতে হয়েছে।

আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমি বিধবা নারী, সেলাই মেশিনে কাজ করে দুই সন্তানের খাওয়া-পড়ালেখা কোনোরকমে চালিয়ে নিচ্ছি। কিন্তু এখন ভিটেবাড়ি যা ছিল, সব বিক্রি করে ছেলের চিকিৎসা চালিয়ে যাচ্ছি। ছেলের সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পেতে দেশ-বিদেশের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সাহায্য চাইছি।”

মাইমুলের চিকিৎসার জন্য সহায়তা পাঠানোর ঠিকানা:

মাহেনুর বেগম
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: ০৩০৪১১০২৫৮৭৩১
সোনালী ব্যাংক পিএলসি, বরিশাল করপোরেট শাখা, বরিশাল

বিকাশ: ০১৫৩৮-৩৯৬১২১ (মেয়ে)
নগদ: ০১৭২৮-৮৭২২৬৬

মানবিক সহায়তা ও সমাজের সহৃদয় মানুষের সহযোগিতাই পারে কিশোর মাইমুলের চিকিৎসার পথকে আরও সহজ করতে এবং তাকে একটি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।