ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান (Shakib Khan)-কে ঘিরে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না। অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের নানা অধ্যায়ের পর এবার নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত (Misty Jannat)। তার সাম্প্রতিক মন্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক ও কৌতূহল।
মঙ্গলবার (১৬ জুন) কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা (Anandabazar Patrika)-এর অনলাইন সংস্করণে শাকিব খান ও মিষ্টি জান্নাতকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের শিরোনাম ছিল—‘শাকিবের বাড়িতে গিয়ে খুব অস্বস্তিতে পড়েছিলাম’। সেখানে নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেত্রী।
মিষ্টি জান্নাত বলেন, “বিমানের মধ্যে তোলা শাকিবের সঙ্গে আমার একটি ছবি ছড়িয়ে পড়েছিল। যেদিন ছবিটি তোলা হয়েছিল, সেদিনই আমি শাকিবের বাড়িতে গিয়েছিলাম। ওপরে মায়ের কাছ থেকে খাবার এনে আমাকে দিয়েছিল ও। আমার হাতে খাবার দিয়ে বলেছিল, ‘এই নাও, তোমার শাশুড়ি রান্না করে দিয়েছে।’ আমার সহকারীদের জিজ্ঞাসা করলে জানতে পারবেন। খুব অস্বস্তিতে পড়েছিলাম।”
বিমানে শাকিব খানের সঙ্গে ছবি তোলার প্রসঙ্গেও কথা বলেন মিষ্টি জান্নাত। তার দাবি, ওই ছবি তিনি নিজে থেকে তুলতে চাননি। এ বিষয়ে তার কাছে আরও ভিডিও থাকলেও সেগুলো প্রকাশ করতে আগ্রহী নন। কারণ হিসেবে তিনি বলেন, মানুষ ভাবতে পারে তিনি শাকিব খানকে ব্যবহার করে আলোচনায় থাকতে চাইছেন।
এরপর আর বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি অভিনেত্রী। অন্যদিকে ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা ও গুঞ্জনের মধ্যেও বরাবরের মতো নীরব অবস্থানেই রয়েছেন শাকিব খান।
সম্প্রতি শবনম বুবলী (Shobnom Bubly) দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন মিষ্টি জান্নাত। সেখানে তিনি বুবলীকে অভিনন্দন জানিয়ে লেখেন, “কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন।”
তবে পোস্টের শেষাংশে একটি রহস্যময় মন্তব্য যুক্ত করে নতুন জল্পনার জন্ম দেন তিনি। মিষ্টি জান্নাত লেখেন, “এ বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।”
এই মন্তব্যের পাশাপাশি পোস্টে শাকিব খানকে ট্যাগ করায় বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তার বক্তব্যের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিতে শুরু করেন।
মন্তব্যের ঘরে একাংশের ধারণা, মিষ্টি জান্নাত হয়তো ইঙ্গিত দিয়েছেন যে শাকিব খান আবারও বাবা হতে যাচ্ছেন। তবে এ বিষয়ে তিনি কোনো নাম উল্লেখ করেননি বা বক্তব্য স্পষ্ট করেননি। ফলে বিষয়টি এখনো পুরোপুরি জল্পনা-কল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
মিষ্টি জান্নাতের এই পোস্ট এবং সাম্প্রতিক মন্তব্য নতুন করে শাকিব খানের ব্যক্তিগত জীবনকে আলোচনার কেন্দ্রে নিয়ে এলেও সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকেই এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


