চার মাসের অনিশ্চয়তা কাটিয়ে হরমুজ প্রণালি পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’

দীর্ঘ প্রায় চার মাসের অনিশ্চয়তা, উদ্বেগ এবং নিরাপত্তাজনিত জটিলতার পর অবশেষে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (Bangladesh Shipping Corporation) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা (MV Banglar Joyjatra)।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৩টার দিকে জাহাজটি হরমুজ প্রণালি (Strait of Hormuz) সফলভাবে পাড়ি দেয়। বর্তমানে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহের জন্য এটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের (Port of Fujairah) দিকে এগিয়ে যাচ্ছে।

বিএসসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকার পর জাহাজটির সামনে এখন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখার পথ খুলেছে। জাহাজে অবস্থানরত ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্যের সবাই নিরাপদ এবং সুস্থ রয়েছেন।

‘বাংলার জয়যাত্রা’র যাত্রাপথে জটিলতার শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল জাহাজটি। এরপর কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে (Jebel Ali Port) পৌঁছায়।

তবে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়তে শুরু করলে দ্রুতই বদলে যায় পরিস্থিতি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হা’\মলার পর ইরানের পাল্টা পদক্ষেপে আঞ্চলিক সং’\ঘাত ছড়িয়ে পড়লে নৌপথে নিরাপত্তাঝুঁকি বেড়ে যায়। সেই পরিস্থিতিতে জাহাজটির স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। ফলে ২৮ ফেব্রুয়ারি থেকে এটি কার্যত পারস্য উপসাগরেই আটকে পড়ে।

গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে বহন করা পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নিয়ে বাংলাদেশ শিপিং করপোরেশন পূর্বনির্ধারিত সেই পরিকল্পনা পরিবর্তন করে।

জাহাজটিকে সং’\ঘাতপূর্ণ এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য পরে নতুন একটি পরিকল্পনা করা হয়। সে অনুযায়ী সৌদি আরবের রাস আল খায়ের বন্দর (Ras Al Khair Port) থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে ‘বাংলার জয়যাত্রা’কে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কিন্তু হরমুজ প্রণালি বন্ধ থাকায় সেই পরিকল্পনাও নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। নৌপথটি দিয়ে চলাচলের সুযোগ না থাকায় জাহাজটিকে দীর্ঘ সময় ধরে রাস আল খায়ের বন্দরে অপেক্ষা করতে হয়। প্রায় চার মাসের সেই উৎকণ্ঠাপূর্ণ অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার ভোরে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজটি।