চীনের দালিয়ান থেকে বেইজিং পৌঁছে রাষ্ট্রীয় মর্যাদায় সংবর্ধনা পেয়েছেন তারেক রহমান (Tarique Rahman)। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছালে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান (Dr. Zubaida Rahman)-কে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
চাউমিং রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিক অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে দিয়াওইউতাই গেস্ট হাউস (Diaoyutai State Guesthouse)-এ নিয়ে যাওয়া হয়। বেইজিং সফরকালে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী এবং সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন।
এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন (Dalian North Railway Station) থেকে হাই-স্পিড ট্রেন বা বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এবং অন্যান্য সফরসঙ্গীরা।
বেইজিংয়ে যাওয়ার আগে সকালে চীনের দালিয়ানে অবস্থিত ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (Dalian International Conference Center)-এ আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’ বার্ষিক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষ করে সফরসঙ্গীদের নিয়ে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়া ও চীন সফরই তার প্রথম বিদেশ সফর হিসেবে বিবেচিত হচ্ছে।


