২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত জুলাই মাসের প্রথম দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন (Meher Afroz Shaon)। বহুল আলোচিত হ্যাশট্যাগ ‘#জুলাইCDI’ নিয়ে তার করা মন্তব্য ও পর্যবেক্ষণ সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
বুধবার (১ জুলাই) নিজের ফেসবুক পোস্টে শাওন জানান, গত এক বছর ধরে তিনি ‘#জুলাইCDI’ শব্দটির ব্যবহার লক্ষ্য করছেন। তার ভাষ্য অনুযায়ী, প্রথমদিকে তিনি ভেবেছিলেন এটি কেবল জুলাই মাসকে কেন্দ্র করে ব্যবহৃত একটি ট্রেন্ড। তবে পরে লক্ষ্য করেন, বছরের বিভিন্ন সময়েও অনেক পরিচিত ও অপরিচিত ব্যবহারকারী একই হ্যাশট্যাগ ব্যবহার করছেন।
পোস্টে তিনি লেখেন, “প্রথম প্রথম ভেবেছিলাম #জুলাইCDI কোনো একটা ট্রেন্ড। শুধুমাত্র জুলাই মাসেই হয়তো তারা #জুলাইCDI লেখে; কিন্তু একটু খেয়াল করে দেখলাম সারাবছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখছে #জুলাইCDI!! তখন বুঝতে পারলাম যে #জুলাইCDI শুধু জুলাই মাসে না, যেকোনো সময় #জুলাইCDI লেখা যায়।”
হ্যাশট্যাগটির বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার নিয়ে নিজের পর্যবেক্ষণও তুলে ধরেন শাওন। তিনি লেখেন, “মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় #জুলাইCDI, তেমনি মন খুব ভালো থাকলেও হো হো করে হাসতে হাসতে #জুলাইCDI লেখা যায়। বন্ধুর সঙ্গে আড্ডার গল্পে যেমন লেখা যায় #জুলাইCDI, তেমনি কারো ওপর ভীষণ রেগে গেলেও #জুলাইCDI লেখা যায়। আবার মনের অবস্থা ভালো না মন্দ আপনি বুঝতে পারছেন না, তখনও আপনি #জুলাইCDI লিখতে পারেন।”
পোস্টের শেষাংশে তিনি লেখেন, “আমার বাবা, এতোকিছু ভেবে কাজ নেই। আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম #জুলাইCDI…।”
শাওনের এই পোস্ট প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ব্যঙ্গাত্মক মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে ব্যক্তিগত পর্যবেক্ষণ হিসেবে ব্যাখ্যা করছেন। তবে পোস্টটি ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।


