বিশ্বকাপের উন্মাদনার আবহে ফুটবল ও হলিউডের দুই জনপ্রিয় অঙ্গনের এক ব্যতিক্রমী মেলবন্ধন ঘটিয়েছে সনি পিকচার্স (Sony Pictures)। আসন্ন ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে (Spider-Man: Brand New Day)’-এর নতুন প্রচারণামূলক টিজারে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)-কে দেখা গেছে টম হল্যান্ড (Tom Holland)-এর সঙ্গে। স্বল্প সময়ের এই উপস্থিতিই প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
টিজারে দেখা যায়, একটি কফিশপে সাধারণ পোশাকে থাকা পিটার পার্কারের সঙ্গে দেখা হয় মেসির। তিনি জানান, একটি ‘স্পাইডি ট্র্যাকার’ ব্যবহার করে শহরজুড়ে স্পাইডার-ম্যানকে খুঁজছেন। এরপর পার্কার আড়ালে গিয়ে স্পাইডার-ম্যানের পোশাকে ফিরে আসেন। পরে দুজনের সংক্ষিপ্ত কিন্তু রোমাঞ্চকর অভিযানের মধ্য দিয়েই শেষ হয় ভিডিওটি।
টিজারটি প্রকাশের পরপরই ফুটবলপ্রেমী ও মার্ভেল ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। বিশ্বকাপের আবহে এমন অপ্রত্যাশিত এই ক্রসওভারকে অনেকেই সনির একটি কৌশলগত প্রচারণা হিসেবে দেখছেন।
এদিকে, টিজারে অংশ নেওয়ার জন্য মেসি ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (প্রায় ১৮৩ কোটি টাকা) পারিশ্রমিক পেয়েছেন—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। তবে এই অর্থের বিষয়ে সনি পিকচার্স, মার্ভেল কিংবা মেসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। একাধিক প্রতিবেদনে এই অঙ্ককে এখনো অযাচাইকৃত দাবি হিসেবেই উল্লেখ করা হয়েছে।
ডেসটিন ড্যানিয়েল ক্রেটন (Destin Daniel Cretton) পরিচালিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে টম হল্যান্ড অভিনীত চতুর্থ স্পাইডার-ম্যান চলচ্চিত্র। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর পর পিটার পার্কারের নতুন অধ্যায় নিয়ে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৬ সালের ৩১ জুলাই।
তথ্যসূত্র: ইএসপিএন


