জুলাই গণঅভ্যুত্থান নিয়ে পোস্টের অভিযোগে বিইউবিটির জনসংযোগ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি (BUBT))-এর জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক জিনাত জোয়ার্দার রিপাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রোববার এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আচরণবিধি ও শৃঙ্খলা বিধি, বিশেষ করে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে শূন্য সহনশীলতা নীতি লঙ্ঘন এবং জুলাই বিপ্লবের চেতনাকে অপমান করার অভিযোগে ৫ জুলাই ২০২৬ সকাল ১০টা ৩০ মিনিট থেকে জিনাত জোয়ার্দার রিপাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, তদন্ত সম্পন্ন হওয়া, শৃঙ্খলা কমিটির সুপারিশ এবং বিইউবিটি সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই বরখাস্তের আদেশ কার্যকর থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বরখাস্তকালীন সময়ে তাকে ক্যাম্পাসের বাইরে থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে তার কাছে থাকা সব দাপ্তরিক নথি, চাবি এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সম্পত্তি দ্রুত রেজিস্ট্রার কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে জিনাত জোয়ার্দার রিপার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের রূপনগরে বিইউবিটির প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে শিক্ষার্থীদের অভিযোগ, জিনাত জোয়ার্দার রিপা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে জুলাই-আগস্টের আন্দোলনের সময় শিশুদের ওপর হেলিকপ্টার থেকে গু’\লি চালিয়ে নি’\হত হওয়ার ঘটনাকে ব্যঙ্গ করে একটি পোস্ট করেছেন। শিক্ষার্থীদের দাবি, এমন বক্তব্য জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।

শিক্ষার্থীরা আরও বলেন, শহীদ সুজন মাহমুদ ও শহীদ তাহমিদ আব্দুল্লাহ বিইউবিটির গর্ব। তাদের আত্মত্যাগের স্মৃতিকে অবমাননা করে এমন কোনো কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় পরিবার মেনে নিতে পারে না। এ ঘটনায় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিইউবিটির জনসংযোগ কর্মকর্তা জিনাত জোয়ার্দার রিপা বলেন, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন এবং এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে সম্পর্কে অবগত নন।