বিশ্বকাপের মাঝেই মেসিকে ঘিরে নতুন গুঞ্জন, সাংবাদিক সোফির সঙ্গে সম্পর্কের জল্পনায় নিজেই দিলেন জবাব

বিশ্বকাপ চলাকালীন সময়েই আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন টেলিভিশন সাংবাদিক সোফি মার্তিনেসের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন নতুন করে ছড়িয়ে পড়ার পর অবশেষে বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

গত শনিবার ভোরে মায়ামিতে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা (Argentina)। ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিক সোফি মার্তিনেস (Sofi Martinez)-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন লিওনেল মেসি (Lionel Messi)। সেই সময় সৌজন্য প্রকাশের অংশ হিসেবে সোফির গালে চুমু দেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। মুহূর্তটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পর সংবাদমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে হাস্যরসের সুরেই প্রতিক্রিয়া জানান মেসি। সোফিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমি যখন তোমার দিকে তাকাই, তখন মানুষ জিজ্ঞেস করে, কেন আমি তোমার দিকে তাকাচ্ছি। আর আমি যখন তোমাকে শুভেচ্ছা জানাই, তখনও তারা জানতে চায়, কেন আমি তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি।’

একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, সোফির সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে আলোচনা চলছে, তার কোনো ভিত্তি নেই। জবাবে সোফিও সংক্ষিপ্তভাবে বলেন, ‘এসব সম্পূর্ণ মিথ্যা।’

বিষয়টি প্রকাশ্যে পরিষ্কার করায় মেসিকে ধন্যবাদ জানান এই আর্জেন্টাইন সাংবাদিক।

এর আগেও গুঞ্জন ছড়িয়ে পড়ার সময় সোফি জানিয়েছিলেন, মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো (Antonela Roccuzzo) ব্যক্তিগতভাবে তাকে একটি বার্তা পাঠিয়ে আশ্বস্ত করেছিলেন। তিন সন্তানের জননী রোকুজ্জো লিখেছিলেন, ‘সোফি, চিন্তা কোরো না। এসব বাজে কথায় কান দিয়ো না।’

মেসি ও সোফিকে ঘিরে আলোচনার সূত্রপাত হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপ (FIFA World Cup Qatar 2022)-এ। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে আবেগঘন বক্তব্য দিয়েছিলেন সোফি।

সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, টুর্নামেন্টের ফল যা-ই হোক না কেন, আর্জেন্টিনার মানুষের কাছে মেসির অবদান কখনোই ম্লান হবে না। সাক্ষাৎকারটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং সেখান থেকেই নানা ধরনের জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়তে শুরু করে।

পরে আর্জেন্টাইন টেলিভিশন অনুষ্ঠান ‘পোদেমোস হাবলার’-এ অংশ নিয়ে সোফি বলেন, এসব গুঞ্জন তাকে এবং তার পরিবারকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছিল।

তার ভাষায়, ‘অনেক সময় পরিচিতি বাড়ার সঙ্গে এমন কিছু বিষয়ও আসে, যা মোটেও ভালো নয়। এতে আমার পরিবার অনেক কষ্ট পায়।’

তিনি আরও বলেন, ‘এ বছর মানুষ বারবার বলতে শুরু করল, “সে (মেসি) তোমার দিকে এভাবে তাকায় কেন?”—এ ধরনের নানা কথা। আমি এমন এক পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম, যেখানে আমাকে এসবের ব্যাখ্যা দিতে হয়েছে। এটা আমার কাছে ভীষণ বিব্রতকর ছিল।’