আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর রেফারিং বিতর্ক, মিশরকে ‘ডা’\কা’\তি’ করে হারানোর মন্তব্য

মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina)। শেষ ১১ মিনিটে টানা তিন গোল করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে লিওনেল মেসি (Lionel Messi)-র দল। ম্যাচে একটি পেনাল্টি মিস করলেও পরে সমতাসূচক গোল করে দলকে ফের লড়াইয়ে ফিরিয়ে আনেন অধিনায়ক মেসি।

তবে মাঠের ফলাফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে ম্যাচের রেফারিং ও ভিএআরের ভূমিকা। ভিএআর পর্যালোচনার মাধ্যমে মিশর (Egypt)-এর একটি গোল বাতিল করা হয়। সিদ্ধান্তটি নিয়ে শুধু সমর্থকরাই নয়, প্রশ্ন তুলেছেন ধারাভাষ্যকাররাও। একই সঙ্গে মিশরের অভিযোগ, তাদের পক্ষে সম্ভাব্য একটি পেনাল্টির ঘটনা ভিএআরে যাচাই করা হয়নি।

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান (Hossam Hassan)। তার বক্তব্যে হতাশা, ক্ষোভ এবং রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ স্পষ্ট ছিল। তিনি বলেন, “আমরা কোনো সম্মান বা ফেয়ার প্লে দেখিনি। আমাদের একটি পেনাল্টি বাতিল করা হয়েছে, আরেকটি সম্ভাব্য পেনাল্টি ভিএআরে দেখাই হয়নি। আমাদের দ্বিতীয় গোলও অদ্ভুতভাবে বাতিল করা হয়েছে। মনে হয়েছে রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে চাপ ছিল।”

মাঠের ভেতরের এই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ম্যাচের নাটকীয়তা, শেষ মুহূর্তের গোল, মেসির পেনাল্টি মিসের পর ফিরে আসা—সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ভিএআর ও রেফারির সিদ্ধান্ত।

এই বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন নিউইয়র্ক সিটি (New York City)-র মেয়র জোহরান মামদানি (Zohran Mamdani)। শহরের নতুন বাস লেন প্রকল্পের প্রসঙ্গ টেনে রসিকতার সুরে তিনি লেখেন, নিউইয়র্কবাসী সময় বাঁচিয়ে বন্ধুদের সঙ্গে একমত হতে পারবে যে, গতকালের ম্যাচে মিশরকে ডা’\কা’\তি করে হারানো হয়েছে।

আর্জেন্টিনার সমর্থকদের কাছে ম্যাচটি হতে পারে এক রোমাঞ্চকর প্রত্যাবর্তনের গল্প। কিন্তু মিশর শিবিরের কাছে এটি থেকে গেছে রেফারিং বিতর্ক, ভিএআর প্রশ্ন এবং ফেয়ার প্লে নিয়ে তীব্র হতাশার এক ম্যাচ হিসেবে।