ইংল্যান্ড (England) ও ওয়েলস (Wales)-এ টানা তৃতীয় বছরের মতো নবজাতক ছেলেশিশুর সবচেয়ে জনপ্রিয় নাম হয়েছে ‘মুহাম্মদ’। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর (Office for National Statistics)-এর ২০২৫ সালের জন্মনিবন্ধনভিত্তিক সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ৫ হাজার ৯৫৭ জন নবজাতক ছেলেশিশুর নাম রাখা হয়েছে ‘মুহাম্মদ’। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ‘নোয়া’ নামের তুলনায় প্রায় ২ হাজার বেশি শিশুর জন্য এই নাম নির্বাচন করেছেন অভিভাবকেরা।
পরিসংখ্যান বলছে, ২০২৩ সাল থেকে ‘মুহাম্মদ’ ও ‘নোয়া’ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে ২০২৫ সালে এই দুই নামের মধ্যে ব্যবধান আগের বছরের তুলনায় আরও বেড়েছে।
এবারের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ‘লিও’ এবং চতুর্থ স্থানে রয়েছে ‘লুকা’। অন্যদিকে একসময় শীর্ষ সারিতে থাকা ‘আর্থার’, ‘অলিভার’ এবং ‘জর্জ’ আগের তুলনায় নিচের দিকে নেমে গেছে।
ওএনএসের তথ্য অনুযায়ী, ‘মুহাম্মদ’ নামের জনপ্রিয়তা গত কয়েক দশক ধরে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। ১৯৯৭ সালে প্রথমবারের মতো এটি ইংল্যান্ড ও ওয়েলসের শীর্ষ ১০০ ছেলেশিশুর নামের তালিকায় স্থান পায়। এরপর ২০১৬ সালে এটি শীর্ষ ১০–এ উঠে আসে। ২০২৩ সালে প্রথমবারের মতো সবচেয়ে জনপ্রিয় ছেলেশিশুর নামের অবস্থান দখল করে এবং এরপর টানা তিন বছর ধরে শীর্ষস্থান ধরে রেখেছে।


