দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে আরও গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী—এই চার মন্ত্রীকে পরিবর্তন করা উচিত বলে মন্তব্য করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী (Nasir Uddin Patwary)। মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party-NCP)-এর মুখ্য সমন্বয়ক।
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলনের পরই চার মন্ত্রীর পরিবর্তনের আহ্বান জানান তিনি।
এর আগে মঙ্গলবার দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শিক্ষার্থীরা যখনই কোনো ন্যায্য দাবি নিয়ে রাজপথে নামে, তখনই তাদের রাজনৈতিক পরিচয়ে বিভক্ত করার চেষ্টা দেখা যায়। অথচ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের, বিশেষ করে শিক্ষার্থীদের, শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরার সাংবিধানিক অধিকার রয়েছে।
সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনেক শিক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে। এ ঘটনাকে ঘিরে মানুষের মধ্যে যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে, সেটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা সরকারের দায়িত্ব।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক সংগঠন—ছাত্রদল বা অন্য যে-ই হোক—এই পরিস্থিতিকে আরও অস্থির করে তুলুক, তা তিনি প্রত্যাশা করেন না। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংযমের সঙ্গে দায়িত্ব পালনের এবং অপ্রয়োজনীয় বলপ্রয়োগ এড়িয়ে চলার আহ্বান জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতে, বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার সবচেয়ে কার্যকর উপায় হলো শিক্ষার্থীদের সঙ্গে দ্রুত ও আন্তরিক সংলাপে বসা। প্রয়োজন হলে ভুল স্বীকার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট নেতৃত্বের প্রতি জনআস্থা পুনরুদ্ধার সম্ভব না হলে দায়িত্বশীল ব্যক্তির পদত্যাগের বিষয়টি বিবেচনায় আসতে পারে বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, গণতন্ত্রে জবাবদিহিতা কোনো দুর্বলতা নয়; বরং এটি নেতৃত্বের সততা ও দায়িত্ববোধের প্রকাশ। পোস্টের শেষাংশে তিনি এইচএসসি’২৬ ও আলিম’২৬ পরীক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার এখন সময়ের দাবি।


