ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে ফিফা (FIFA)। প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপজয়ী দল ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি পাবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে বিশ্বকাপের পুরস্কার ব্যবস্থায় এই নতুন সংযোজন আনছে সংস্থাটি।
শুক্রবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, বিশ্বকাপজয়ী দলের জন্য কাস্টমাইজড চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হবে। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ট্রফি, পদক এবং প্রাইজমানির পাশাপাশি বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে এমন একটি বিশেষ স্মারক। এতদিন এই রিং মূলত যুক্তরাষ্ট্রের পেশাদার ক্রীড়ার ঐতিহ্যের অংশ হিসেবেই পরিচিত ছিল। এবার সেই সংস্কৃতিই জায়গা করে নিচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে।
ফিফার ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপ ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি বিজয়ী দলের প্রতিটি সদস্য প্রথমবারের মতো ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপ রিং পাবেন। সংস্থাটি বলছে, এটি আমেরিকান ক্রীড়ার একটি সুপরিচিত ঐতিহ্যকে ফুটবলের সঙ্গে যুক্ত করার বিশেষ উদ্যোগ। দীর্ঘদিন ধরে এনএফএল (NFL), এনবিএ (NBA), এমএলবি (MLB) এবং এনএইচএল (NHL)-এর মতো যুক্তরাষ্ট্রের পেশাদার ক্রীড়া লিগগুলোতে চ্যাম্পিয়নশিপ রিং দেওয়ার ঐতিহ্য চলে আসছে। এবার প্রথমবারের মতো সেই রীতির অন্তর্ভুক্ত হচ্ছে বিশ্ব ফুটবলও।
ফিফার দেওয়া তথ্য অনুযায়ী, মোট ২০২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি থাকবে বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য। বাকি ১৯৯৬টি সীমিত সংস্করণের লাইসেন্সপ্রাপ্ত স্মারক হিসেবে ভক্তদের জন্য বিক্রি করা হবে।
প্রতিটি রিংয়ে থাকবে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup)-এর ট্রফির নকশা। পাশাপাশি চ্যাম্পিয়ন দলের পরিচয় যুক্ত করে এগুলো বিশেষভাবে কাস্টম-মেড আকারে তৈরি করা হবে। প্রতিটি রিংয়ে থাকবে স্বতন্ত্র সিরিয়াল নম্বর এবং সঙ্গে দেওয়া হবে অথেনটিসিটির সনদপত্র, যা স্মারকটির স্বকীয়তা নিশ্চিত করবে।
ফিফা আরও জানিয়েছে, বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকীভাবে চ্যাম্পিয়নশিপ রিং তুলে দেওয়া হবে। এরপর বিজয়ী দলের জন্য নির্ধারিত ৩০টি কাস্টমাইজড রিং প্রস্তুত করে সংশ্লিষ্ট খেলোয়াড় ও সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।


