বিশ্বকাপ শুরুর আগেই টিকিটের অস্বাভাবিক উচ্চমূল্য নিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। এবার ফাইনালকে ঘিরে সেই দাম আরও কয়েক ধাপ বেড়েছে। শেষ মুহূর্তে বিশ্বকাপ ফাইনালের একেকটি টিকিট বিক্রি হচ্ছে ১০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার মার্কিন ডলারে।
শনিবার ফিফার (FIFA) অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইটে গোলপোস্টের পেছনের গ্যালারির সবচেয়ে কম দামের টিকিটটির মূল্য ছিল ৬ হাজার ৪১১ দশমিক ২৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ লাখ টাকা। তবে সমর্থকদের বিপুল চাহিদার মুখে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ওই দামের সব টিকিট বিক্রি হয়ে যায়।
এরপর ফাইনালের সবচেয়ে কম দামের টিকিটের মূল্যও প্রায় ১০ হাজার ডলারে গিয়ে পৌঁছায়। স্টেডিয়ামের আপার ডেকের কর্নার অংশে থাকা এসব আসনের টিকিট কিনতে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা খরচ করতে হচ্ছে।
মাঠের আরও কাছাকাছি বসে খেলা দেখতে চাইলে ব্যয়ের অঙ্কও বাড়ছে অনেকটা। এসব আসনের টিকিট কিনতে গুনতে হচ্ছে প্রায় ১৬ হাজার মার্কিন ডলার। আর বিশেষ হসপিটালিটি প্যাকেজের আওতায় থাকা টিকিটের মূল্য উঠেছে প্রায় ৬০ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭৪ লাখ টাকার সমান।
ফিফার অফিসিয়াল প্ল্যাটফর্মের বাইরেও টিকিটের দামে একই রকম ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। টিকিট পুনর্বিক্রয়ের প্ল্যাটফর্ম সিটগিক ও স্টাবহাবে আপার ডেকের টিকিটের দাম শুরু হয়েছে প্রায় ১০ হাজার ডলার থেকে। অন্যদিকে, স্টেডিয়ামের লোয়ার বোলের কিছু আসনের মূল্য পৌঁছেছে প্রায় ৩৫ হাজার ডলারে।
এবারের বিশ্বকাপ ফাইনাল ঘিরে সমর্থকদের এমন তুমুল আগ্রহের অন্যতম বড় কারণ, বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসি (Lionel Messi) ও লামিনে ইয়ামাল (Lamine Yamal)। একই সঙ্গে এই ম্যাচটিকে বিশ্বকাপে মেসির সম্ভাব্য শেষ ম্যাচ বলেও ধরা হচ্ছে।
ফাইনালে আর্জেন্টিনা (Argentina) মাঠে নামবে নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। তাদের সামনে রয়েছে আরও একটি বিরল অর্জনের সুযোগ। ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জিততে পারে তারা। সর্বশেষ ব্রাজিল (Brazil) ১৯৫৮ ও ১৯৬২ সালে পরপর দুটি বিশ্বকাপ শিরোপা জিতেছিল।
অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে ফাইনালে নামবে স্পেন (Spain)। চলতি আসরে মেসি এখন পর্যন্ত ৮টি গোল করার পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেছেন। এটি তাঁর দীর্ঘ ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল।
বিশ্বকাপ শুরুর আগে গত মার্চে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে ফিনালিসিমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের সং’\ঘা’\তে’\র কারণে ম্যাচটি বা’\তিল হয়ে যায়। ফলে তখন দুই দলের বহুল প্রতীক্ষিত লড়াইটি আর মাঠে গড়ায়নি।
শেষ পর্যন্ত সেই আর্জেন্টিনা ও স্পেনই মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে। মেসি ও ইয়ামালের প্রথম বিশ্বকাপ দ্বৈরথ, দুই দলের শিরোপা জয়ের ইতিহাস এবং ফাইনাল ঘিরে বিপুল প্রত্যাশা—সব মিলিয়ে টিকিটের দামও পৌঁছেছে রেকর্ড উচ্চতায়।


