মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (Directorate of Secondary and Higher Education)-এর আওতাধীন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ (Prime Minister’s Gold Cup) জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং পাঠানোর আহ্বান জানিয়েছে অধিদপ্তর।
সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মাউশির আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরি করে জমা দিতে পারবেন। আগামী ২৮ জুলাইয়ের মধ্যে এগুলো hpmgoldcup@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। লোগো অবশ্যই পিএনজি, জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে পাঠাতে হবে। রিলস তৈরি করে তার লিংক নির্ধারিত ই-মেইলে প্রেরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিলস অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফুটবল খেলা সম্পর্কিত হতে হবে। থিম সং ওয়ার্ড এবং পিডিএফ—উভয় ফরম্যাটে পাঠাতে হবে। মাসকট তৈরি করে ই-মেইলে পাঠানোর পাশাপাশি স্লোগানও একই ঠিকানায় জমা দিতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, জমা দেওয়া প্রতিটি এন্ট্রির সঙ্গে একটি সচল মোবাইল নম্বর এবং যোগাযোগের ঠিকানা সংযুক্ত করতে হবে। লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরির প্রতিযোগিতায় বিজয়ীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন। তবে যারা ইতোমধ্যে লোগো, রিলস ও থিম সং জমা দিয়েছেন, তাদের পুনরায় সেগুলো পাঠানোর প্রয়োজন নেই।
