বাংলাদেশে (Bangladesh) একজন নারীকে রাষ্ট্রপতি করার দাবি জানিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য (Pinaki Bhattacharya)।
শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। নারী রাষ্ট্রপতি নির্বাচিত হলে তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও নিজের বক্তব্যে ইঙ্গিত দেন তিনি।
পোস্টে পিনাকী ভট্টাচার্য লেখেন, ‘বাংলাদেশে একজন নারী রাষ্ট্রপতি হোক। বিএনপি (Bangladesh Nationalist Party) এবং তারেক রহমান (Tarique Rahman)-এর জন্য এইটা একটা ইতিহাস সৃষ্টিকারী গ্রাউন্ড ব্রেকিং এচিভমেন্ট হবে।’
নারী রাষ্ট্রপতি বেছে নেওয়ার ক্ষেত্রে দলের বাইরে থেকে কাউকে আনতেই হবে—এমন প্রয়োজন নেই বলেও মত দেন তিনি। পিনাকীর ভাষ্য, বিএনপির মধ্যেই অনেক জ্যেষ্ঠ নারী নেত্রী রয়েছেন, যারা রাষ্ট্রপতির দায়িত্ব পালনের যোগ্যতা রাখেন।
তবে সম্ভাবনার পরিধি কেবল দলের ভেতরেই সীমাবদ্ধ রাখার পক্ষে নন তিনি। প্রয়োজন হলে বিএনপির বাইরের সর্বজনগ্রাহ্য কোনো নারী ব্যক্তিত্বকেও রাষ্ট্রপতি পদের জন্য বিবেচনা করা যেতে পারে বলে নিজের পোস্টে উল্লেখ করেন এই রাজনৈতিক বিশ্লেষক।
পোস্টের শেষাংশে ব্যক্তিগত একটি স্বপ্ন অপূর্ণ থেকে যাওয়ার কথাও তুলে ধরেন পিনাকী ভট্টাচার্য। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)-কে দেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে দেখার আকাঙ্ক্ষা ছিল জানিয়ে তিনি লেখেন, ‘আমার স্বপ্ন ছিলো, খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসাবে দেখা। সেই সৌভাগ্য তো হলোনা।’


