ক্রীড়াজগতে জয়-পরাজয় একই বাস্তবতার দুটি দিক। প্রতিটি প্রতিযোগিতায় একজন বিজয়ী যেমন থাকে, তেমনি থাকে পরাজিত দলও। তবে স্কোরলাইন কিংবা ট্রফির বাইরেও খেলাধুলার সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলোর একটি হলো শৃঙ্খলা, নৈতিকতা এবং স্পোর্টসম্যানশিপ। গত ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা (FIFA) বিশ্বকাপ ফাইনালের পর সেই বিষয়টিই আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
ফাইনালে স্পেন (Spain)-এর কাছে ১-০ গোলে পরাজিত হয়ে শিরোপা হারায় আর্জেন্টিনা (Argentina)। তবে ম্যাচ শেষে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনার মূল বিষয় হয়ে ওঠে না তাদের ফুটবলীয় পারফরম্যান্স; বরং আলোচনার কেন্দ্রে চলে আসে দলটির মাঠ ও মাঠের বাইরের আচরণ। মার্কিন সংবাদপত্র লস অ্যাঞ্জেলেস টাইমস (Los Angeles Times)-এর এক বিশ্লেষণে বলা হয়েছে, মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা শুধু বিশ্বকাপ ট্রফিই হারায়নি, হারিয়েছে আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিন ধরে গড়ে তোলা তাদের পেশাদার মর্যাদার একটি গুরুত্বপূর্ণ অংশও।
পুরো টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা আর্জেন্টিনা প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করেই ফাইনালে পৌঁছেছিল। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে চরম চাপের মুহূর্তে নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন দলের কয়েকজন অভিজ্ঞ ফুটবলার। যোগ করা সময়ে আক্রমণাত্মক ফাউলের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নির্ভরযোগ্য মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে।
রেফারির শেষ বাঁশি বাজার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে না পেরে স্প্যানিশ ফুটবলারদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত হাতাহাতিতে জড়িয়ে পড়ে আর্জেন্টিনা দল। স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরার অভিযোগ ওঠে লিয়েন্দ্রো পারেদেসের বিরুদ্ধে, যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে একটি বিরল ও তিক্ত ঘটনার উদাহরণ হিসেবে আলোচিত হচ্ছে। শুধু ম্যাচ-পরবর্তী ঘটনাই নয়, পুরো ম্যাচজুড়েই একের পর এক ফাউলের মাধ্যমে প্রতিপক্ষকে থামানোর চেষ্টা করছিল আর্জেন্টিনার খেলোয়াড়রা।
বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দল হিসেবে আর্জেন্টিনার সমর্থকের সংখ্যা কোটি কোটি। ফাইনালে গ্যালারিতেও হাজারো সমর্থক শুরু থেকে শেষ পর্যন্ত দলটির পাশে ছিলেন। কিন্তু ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী স্পেন দলের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকার ঘটনাকে অনেকেই স্পোর্টসম্যানশিপের পরিপন্থী আচরণ হিসেবে দেখেছেন।
এরপরও বিতর্ক থামেনি। ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে নির্ধারিত ‘মিক্সড জোন’-এ গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা থাকলেও, অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)-এর নেতৃত্বে পুরো দল স্টেডিয়ামের পেছনের পথ দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এই সিদ্ধান্ত উপস্থিত সাংবাদিক ও সমর্থকদের মধ্যে হতাশার জন্ম দেয়।
অন্যদিকে স্পেনের তরুণ দলটি পুরো টুর্নামেন্টজুড়ে যেমন দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে, তেমনি মাঠে সংযত ও পেশাদার আচরণেরও দৃষ্টান্ত স্থাপন করেছে। আটটি ম্যাচে মাত্র একটি গোল হজম করা তাদের রক্ষণভাগ ছিল অসাধারণ দৃঢ়। পাশাপাশি পুরুষ ও নারী—উভয় বিভাগে বিশ্বকাপ, ইউরো এবং অলিম্পিক শিরোপা জয়ের বিরল ঐতিহাসিক কৃতিত্বও অর্জন করেছে দলটি।
দলগত দর্শন, কৌশল, মেধা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ই তাদের এই সাফল্যের ভিত্তি বলে মনে করেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার ভাষায়, “শুধু মেধা কিংবা কৌশল নয়, ভালো মানবিক মূল্যবোধ ও সহমর্মিতাসম্পন্ন খেলোয়াড়দের নিয়েই প্রকৃত বিশ্বজয়ী দল গড়ে ওঠে।”
অন্যদিকে ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও দলের আচরণ নিয়ে আত্মসমালোচনার সুরে বলেন, “জয়ের মতো পরাজয়কেও আমাদের হাসিমুখে এবং সাহসের সঙ্গে গ্রহণ করতে শিখতে হবে।”
খেলাধুলার প্রকৃত সৌন্দর্য কেবল জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। পরাজয়কে মর্যাদার সঙ্গে মেনে নেওয়া, প্রতিপক্ষকে সম্মান জানানো এবং ভুল থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার মধ্যেই স্পোর্টসম্যানশিপের আসল পরিচয় নিহিত। ২০২৬ বিশ্বকাপ ফাইনাল সেই চিরন্তন বার্তাই আবারও স্মরণ করিয়ে দিয়েছে—ট্রফি অর্জন যেমন ইতিহাস গড়ে, তেমনি পরাজয়ের মুহূর্তে একটি দলের আচরণও সমানভাবে ইতিহাসে জায়গা করে নেয়।


