ভারতে উদ্বোধনী দিনেই ইতিহাস ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’র, ভেঙে গেল ‘এন্ডগেম’ ও ‘অবতার’-এর দীর্ঘদিনের রেকর্ড

টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে (Spider-Man: Brand New Day) ভারতে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। উদ্বোধনী দিনে কর বাদে ৬০ দশমিক ৬০ কোটি রুপি আয় করে ছবিটি হলিউড সিনেমার প্রথম দিনের আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে। এর মাধ্যমে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর দীর্ঘদিনের রেকর্ডও ভেঙে দিয়েছে সিনেমাটি।

বক্স অফিসের প্রথম সারির বাণিজ্য বিশ্লেষক সংস্থার তথ্য অনুযায়ী, ৩০ জুলাই ভারতে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই কর বাদে ৬০ দশমিক ৬০ কোটি রুপি আয় করেছে। এই আয় ভারতের ইতিহাসে কোনো হলিউড চলচ্চিত্রের সর্বোচ্চ উদ্বোধনী দিনের নেট সংগ্রহ হিসেবে নতুন মাইলফলক স্থাপন করেছে।

এর আগে অ্যাভেঞ্জার্স: এন্ডগেম (Avengers: Endgame) প্রথম দিনে মোট ৬৫ কোটি রুপি গ্রস এবং কর বাদে ৫৩ দশমিক ৬০ কোটি রুপি আয় করেছিল। অন্যদিকে অবতার: দ্য ওয়ে অব ওয়াটার (Avatar: The Way of Water) প্রথম দিনে মোট ৪৮ দশমিক ৭৫ কোটি রুপি গ্রস এবং কর বাদে ৪০ দশমিক ৩০ কোটি রুপি আয় করে। নতুন স্পাইডারম্যান চলচ্চিত্র সেই দুই রেকর্ডই পেছনে ফেলেছে।

আরও উল্লেখযোগ্য বিষয় হলো, যুক্তরাষ্ট্রে বড় পরিসরে মুক্তির একদিন আগেই ভারতে ছবিটি মুক্তি দেওয়া হয়। উদ্বোধনী দিনে কোনো ধরনের ব্লক বুকিং বা প্রিভিউ শোর সুবিধা ছাড়াই সিনেমাটি এই সাফল্য অর্জন করেছে।

ভারতে অনেক সময় প্রযোজনা প্রতিষ্ঠান বা সংশ্লিষ্টরা অগ্রিম বিপুলসংখ্যক টিকিট কিনে ব্লক বুকিংয়ের মাধ্যমে উদ্বোধনী দিনের আয় বাড়িয়ে দেখানোর চেষ্টা করেন। একইভাবে প্রিভিউ শোতেও তুলনামূলক বেশি দামে টিকিট বিক্রি হয়ে থাকে। তবে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’র ক্ষেত্রে এ ধরনের কোনো ব্যবস্থাই রাখা হয়নি। ফলে অর্জিত আয়কে বিশ্লেষকরা আরও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।

শুধু হলিউড সিনেমাই নয়, সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি বড় বাজেটের ভারতীয় চলচ্চিত্রের উদ্বোধনী দিনের আয়কেও ছাড়িয়ে গেছে ছবিটি। এমনকি পাঠান (Pathaan)–এর ৬৭ কোটি রুপি গ্রস উদ্বোধনী আয়ের রেকর্ডও অতিক্রম করেছে বলে বক্স অফিস বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, সামনে উল্লেখযোগ্য কোনো বড় প্রতিদ্বন্দ্বী না থাকায় চার দিনের সপ্তাহান্ত শেষে ছবিটির আয় ১৫০ থেকে ২০০ কোটি রুপির মধ্যে পৌঁছাতে পারে। সেই পূর্বাভাস বাস্তব হলে ভারতের বক্স অফিসে আরও একটি বড় মাইলফলক স্পর্শ করবে সিনেমাটি।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন (Destin Daniel Cretton) পরিচালিত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ হলো ‘স্পাইডারম্যান: হোমকামিং’ (২০১৭), ‘স্পাইডারম্যান: ফার ফ্রম হোম’ (২০১৯) এবং ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ (২০২১)-এর পরবর্তী কিস্তি। আগের তিনটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন জন ওয়াটস। এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স (এমসিইউ)-এর ৩৮তম চলচ্চিত্র।