আসন্ন নারীকেন্দ্রিক চলচ্চিত্র ‘মাইসা’ (Mysa)-এর একটি গানের নাচের মহড়া দিতে গিয়ে হিপ এরিয়ায়, অর্থাৎ কোমর ও নিতম্বের সংযোগস্থলে তীব্র চোট পেয়েছেন জনপ্রিয় প্যান-ইন্ডিয়ান অভিনেত্রী রাশমিকা মান্দানা (Rashmika Mandanna)। গুরুতর আ’\হত হওয়ায় চিকিৎসকেরা তাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার কড়া পরামর্শ দিয়েছেন।
হায়দরাবাদে (Hyderabad) শুটিং চলাকালে একটি লাফ দেওয়ার দৃশ্যের মহড়ায় এই দুর্’\ঘটনার শিকার হন রাশমিকা। নাচের ওই অংশে লাফ দেওয়ার সময়ই তার হিপ এরিয়ায় তীব্র চাপ পড়ে এবং তিনি গুরুতর চোট পান।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশমিকা বর্তমানে একাধিক বড় বাজেটের চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্য ও নাচের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। দীর্ঘদিনের টানা পরিশ্রম এবং শরীরের ওপর অতিরিক্ত চাপের কারণে তার হিপ এরিয়ার পেশিতন্তু সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।
চোটের তীব্রতা দেখে চিকিৎসকেরাও বিস্ময় প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, সাধারণত কঠোর শারীরিক কসরত করা অ্যাথলেট কিংবা পেশাদার ক্রীড়াবিদদের শরীরে এ ধরনের গভীর টেন্ডন ইনজুরি দেখা যায়। রাশমিকার আ’\ঘাতপ্রাপ্ত স্থানটি পুরোপুরি নিরাময় করা এবং শরীরের আগের শক্তি ফিরিয়ে আনার জন্য পূর্ণ বিশ্রামের পাশাপাশি বিশেষ পুনর্বাসন কর্মসূচি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
এই মুহূর্তে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত অভিনেত্রী রাশমিকা মান্দানা। একই সময়ে চারটি বড় চলচ্চিত্রের শুটিংয়ের পাশাপাশি প্রায় ৩০টি আন্তর্জাতিক ও জাতীয় ব্র্যান্ডের বিজ্ঞাপনের কাজও সামলাচ্ছিলেন তিনি। একাধিক বড় প্রকল্পের ব্যস্ততার মধ্যেই তাকে নিয়মিত অ্যাকশন ও নাচের কঠিন দৃশ্যের প্রস্তুতি নিতে হচ্ছিল।
সম্প্রতি কেরালায় (Kerala) ‘মাইসা’ ছবির শুটিংয়েও অংশ নিয়েছেন রাশমিকা। সেখানে কোনো বডি ডাবলের সহায়তা না নিয়ে কঠিন অ্যাকশন দৃশ্যগুলো নিজেই সম্পন্ন করেছিলেন এই অভিনেত্রী। চরিত্রের প্রয়োজনে ঝুঁকিপূর্ণ ও শারীরিকভাবে কঠিন দৃশ্যেও সরাসরি অংশ নিচ্ছিলেন তিনি।
তবে নাচের মহড়ায় ঘটে যাওয়া এই আকস্মিক দুর্’\ঘটনা এখন তার চলমান সব কাজকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। ছয় সপ্তাহের পূর্ণ বিশ্রামের নির্দেশের কারণে তার প্রতিটি চলচ্চিত্রের শুটিং সিডিউল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের বাণিজ্যিক বিজ্ঞাপন এবং প্রচারণার কাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।


