বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক বড় কাজের ধারাবাহিকতায় এবার তার ঝুলিতে যোগ হতে যাচ্ছে আরও একটি মেগা প্রজেক্ট। অস্কারজয়ী হলিউড তারকা রাসেল ক্রো (Russell Crowe)-এর সঙ্গে এবার একই পর্দায় দেখা যাবে তাকে। নিমরোড আন্তাল পরিচালিত নতুন সাই-ফাই অ্যাকশন থ্রিলার ‘ব্লুফ্লাই’-এ জুটি বাঁধতে যাচ্ছেন এই দুই তারকা।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, চলতি বছরের শেষ দিকেই অস্ট্রেলিয়ার চোখধাঁধানো গোল্ড কোস্ট (Gold Coast)-এ সিনেমাটির মূল শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে নির্মাণকাজ অস্ট্রেলিয়ায় হলেও ‘ব্লুফ্লাই’-এর গল্পের পটভূমি তৈরি হয়েছে কঙ্গোর দুর্গম অঞ্চলকে ঘিরে।
সিনেমাটির কাহিনির কেন্দ্রে রয়েছেন এক শোকাতুর জাতিসংঘ অনুবাদক। একটি রহস্যময় বিমান ভেঙে পড়ার পর সেটি উদ্ধারের উদ্দেশ্যে পরিচালিত একটি গোপন ‘ব্ল্যাক-অপস’ মিশনের সঙ্গে যুক্ত করা হয় ওই অনুবাদককে। রহস্য আরও ঘনীভূত হয় এই কারণে যে, দাপ্তরিক নথি অনুযায়ী বিমানটির কোনো অস্তিত্বই থাকার কথা ছিল না।
এরপর শুরু হয় দুর্গম ও অনিশ্চিত এক যাত্রা। সশস্ত্র মিলিশিয়াদের নিয়ন্ত্রিত এলাকা এবং নদীপথ পেরিয়ে দলটি যতই রহস্যময় বিমানটির কাছাকাছি পৌঁছাতে থাকে, ততই সামনে আসতে থাকে ভ’\য়ংকর এক সত্য। ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে, পুরো মিশনের উদ্দেশ্য কেবল একটি বিমান উদ্ধার নয়। এর আড়ালে লুকিয়ে রয়েছে আরও গভীর ও গোপন কোনো উদ্দেশ্য, যা অভিযানের চরিত্রই বদলে দিতে পারে।
‘প্রেডেটরস’ খ্যাত প্রখ্যাত পরিচালক নিমরোড আন্তাল (Nimród Antal)-এর হাতে থাকছে সিনেমাটির পরিচালনার দায়িত্ব। এর চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাংক এবং কার্লাইল ইউব্যাংক। আর আন্তর্জাতিক বাজারে সিনেমাটির স্বত্ব বিক্রির দায়িত্বে থাকছে নামী প্রতিষ্ঠান হাইল্যান্ড ফিল্ম গ্রুপ (Highland Film Group)।


