দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ পেল কন্নড় তারকা ইয়াশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর ট্রেলার। আজ সন্ধ্যায় প্রকাশিত ট্রেলারে ইয়াশকে দেখা গেছে একাধিক চরিত্রে। ১৯৮০-এর দশকের গোয়াকে পটভূমি করে নির্মিত এই সিনেমার ট্রেলারে বন্দুকযুদ্ধ, বিস্ফোরণ, র’\ক্তপাত, প্রতিশোধ এবং পারিবারিক দ্বন্দ্বের নানা আভাস মিলেছে।
ট্রেলারের শুরুতেই সামনে আসে ইয়াশের অভিনীত চরিত্র ও তার ছেলের মধ্যকার জটিল সম্পর্ক। এরপর একের পর এক সহিংস দৃশ্যের মধ্য দিয়ে গল্পের বিভিন্ন দিক উন্মোচিত হতে থাকে। সিনেমায় ইয়াশকে রায়া ও রুমি চরিত্রে দেখা যাবে। ট্রেলারের ইঙ্গিত অনুযায়ী, বাবা ও ছেলের আদর্শগত সংঘাত গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে।
ইয়াশের সঙ্গে কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার চরিত্রের সম্পর্কেরও আভাস রয়েছে ট্রেলারে। সিনেমায় কিয়ারাকে দেখা যাবে নাদিয়া চরিত্রে। নয়নতারা অভিনয় করেছেন গঙ্গা চরিত্রে। এ ছাড়া এলিজাবেথ চরিত্রে হুমা কুরেশি, রেবেকা চরিত্রে তারা সুতারিয়া এবং মেলিসা চরিত্রে রয়েছেন রুক্মিণী বসন্ত।
ট্রেলারের বিভিন্ন দৃশ্যে নারীবিদ্বেষ, রাগ, লোভ এবং ক্ষমতার দ্বন্দ্বের মতো বিষয়ও উঠে এসেছে। শেষদিকে ইয়াশের রায়া ও টক্সিককে পরস্পরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায়। ফলে বাবা-ছেলের দ্বন্দ্ব শেষ পর্যন্ত সিনেমার গল্পে কী ধরনের মোড় আনবে, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
‘টক্সিক’ পরিচালনা করেছেন গীতু মোহানদাস। সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় ধারণ করা হয়েছে। পরবর্তীতে হিন্দি, তেলেগু, তামিল, মালয়ালমসহ আরও কয়েকটি ভাষায় ডাব করে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২৪ সালের আগস্টে এবং শেষ হয় ২০২৫ সালের অক্টোবরে। বেঙ্গালুরু, মুম্বাই, গোয়া, তুতিকোরিন ও জয়পুরের বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে।
এর কিছুদিন আগে প্রকাশ পেয়েছিল সিনেমাটির নতুন গান ‘মানমোহকা’। সেখানে ইয়াশের সঙ্গে কিয়ারা ও তারাকে দেখা গেছে। গানটির দৃশ্যেও তিন চরিত্রের মধ্যকার জটিল সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে।
এর আগে প্রকাশিত ‘টাবাহি’ গানটিও দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। বিশেষ করে ইয়াশ ও কিয়ারার রসায়ন এবং সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যের উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছিল মিশ্র প্রতিক্রিয়া।
ভেঙ্কট কে. নারায়ণ ও ইয়াশের প্রযোজনায় ‘টক্সিক’ আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। বহুল প্রতীক্ষিত ট্রেলার প্রকাশের পর সিনেমাটির গল্প, চরিত্র ও ইয়াশের বহুমাত্রিক উপস্থিতি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।


