অতীতের ‘অপূর্ণ প্রেম’ ও ব্যক্তিজীবনের ভুল নিয়ে মুখ খুললেন শাকিব খান

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান (Shakib Khan) বরাবরই ভক্ত-অনুরাগীদের আগ্রহের কেন্দ্রে। বড় পর্দায় তার নতুন সিনেমা কিংবা ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা যেন কখনো থামে না। এবার এক সাক্ষাৎকারে নিজের অতীতের দিকে ফিরে তাকিয়ে ব্যক্তিজীবনের নানা অধ্যায়, আক্ষেপ এবং এক ‘অপূর্ণ প্রেম’-এর প্রসঙ্গ তুলেছেন তিনি। স্বীকার করেছেন, জীবনে এমন অনেক কিছু ঘটেছে, যেগুলোকে এখন নিজের ‘ভুল’ বলেই মনে করেন।

দুই যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা, ক্যারিয়ারের উত্থান-পতন, ব্যক্তিজীবনের টানাপোড়েন এবং দেশের চলচ্চিত্র শিল্প—সাক্ষাৎকারে নানা বিষয় নিয়েই খোলামেলা কথা বলেন শাকিব খান। অতীতের কিছু সিদ্ধান্ত নিয়ে তার কণ্ঠে আক্ষেপও ছিল। তবে ঠিক কোন ঘটনাগুলোকে তিনি নিজের ভুল হিসেবে দেখছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ঢালিউডের এই ‘কিং খান’।

ব্যক্তিজীবনে কোনো ভুল করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে শাকিব খান অকপটে জানান, জীবনে তার অনেক ভুল হয়েছে। তিনি বলেন, “অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম।”

তার ভাষ্য, ব্যক্তিগত জীবনের অনেক বিষয় তিনি নিজে মুখ খোলার আগেই মানুষের কাছে পৌঁছে যায়। ফলে কোনো বিষয়ে তার বক্তব্য দেওয়ার আগেই তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। শাকিব খান বলেন, “অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার বলছি, অনেক সময় পেছন ফিরে তাকালে আফসোস লাগে।”

অতীতের সেই ঘটনাগুলো না ঘটলে বর্তমান জীবন হয়তো আরও সহজ ও স্বাভাবিক হতে পারত বলেও মনে করেন তিনি। শাকিবের কথায়, “সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো আরও স্মুথ হতে পারত। আসলে ভুল আমাদের প্রত্যেক মানুষেরই হয়।”

নিজের সঙ্গে একান্তে সময় কাটানোর মুহূর্তগুলোতেও পুরোনো সেই হিসাব-নিকাশ তাকে ভাবায় বলে জানান অভিনেতা। শাকিব খান বলেন, “নিভৃতে যখন নিজের সঙ্গে বসি, তখন সেই হিসাব-নিকাশগুলো আমাকে পীড়া দেয়। কিন্তু কী আর করব, অনেক কিছু চাইলেও তো চেঞ্জ করা সম্ভব না, হাতে নেই আমাদের।”

তবে ভুল থেকে শিক্ষা নেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। তার মতে, কোনো কাজ বা সিদ্ধান্তকে যখন একজন মানুষ সত্যিকার অর্থেই ভুল বলে বুঝতে পারে, তখন জেনেশুনে একই পথে আবার হাঁটার সুযোগ আর থাকে না। শাকিব বলেন, “যখন জেনে যাই এটা ভুল, তখন জেনেশুনে সেটা আর করা যায় না, আর সম্ভাবনা নেই।”

সাক্ষাৎকারে শাকিব খানের ব্যক্তিজীবনের বহুল আলোচিত দুই নাম অপু বিশ্বাস (Apu Biswas) এবং শবনম বুবলী (Shobnom Bubly) নিয়েও প্রশ্ন করেন সঞ্চালক। তাদের প্রসঙ্গে শাকিব বলেন, “তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি।”

অপু বিশ্বাস ও শবনম বুবলীকে তিনি কখনো সতর্ক করেন কি না—এমন প্রশ্নও আসে সাক্ষাৎকারে। উত্তরে শাকিব খান জানান, দেখা হলে মাঝেমধ্যে তাদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন। তিনি বলেন, “তাদের সঙ্গে দেখা হলে মাঝে মাঝে বলি।”

নিজের নাম ঘিরে নানা ধরনের খবর ও আলোচনার প্রসঙ্গও উঠে আসে কথোপকথনে। শাকিব খানের ভাষ্য, এখন কোনো ঘটনা ঘটার আগেই অনেক কিছু খুব দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। কখনো কখনো এমন সব ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে দেওয়া হয়, যার সঙ্গে বাস্তবে তার কোনো সম্পর্কই নেই।

এ ধরনের অতিরঞ্জিত প্রচার ও ক্রমাগত ব্যক্তিগত আলোচনা তাকে ধীরে ধীরে আরও অন্তর্মুখী করে তুলেছে বলেও জানান শাকিব খান। ব্যক্তিগত বিষয় নিজের মধ্যেই রাখার প্রবণতা যে আগের তুলনায় বেড়েছে, তার কথাতেও সেই ইঙ্গিত স্পষ্ট।

বর্তমানে শাকিব খান ব্যস্ত আছেন ‘সোলজার’ সিনেমা নিয়ে। সিনেমাটি আগামী অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।