৮৩ বছর বয়সেও টানা ২৪ ঘণ্টা শুটিং, কাজের প্রতি দায়বদ্ধতায় অনড় অমিতাভ বচ্চন

বয়স ৮৩ পেরিয়েছে, কিন্তু কাজের ব্যস্ততায় যেন কোনো বিরতিই নেই বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের। বয়সের হিসাবকে পাশে সরিয়ে রেখে একের পর এক প্রজেক্টে টানা কাজ করে চলেছেন এই কিংবদন্তি অভিনেতা। সম্প্রতি টানা ২৪ ঘণ্টা শুটিং করার অভিজ্ঞতার কথা নিজের ব্লগে জানিয়েছেন তিনি।

অতিরিক্ত ব্যস্ততার কারণে নিয়মিত ব্লগ লেখার অভ্যাসেও সাময়িক বিরতি পড়েছিল বলে জানান অমিতাভ। ভক্তদের কাছে ক্ষমা চেয়ে ‘বিগ বি’ জানিয়েছেন, গত কয়েক দিন ধরে কাজের সময় এবং কাজের তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে নিজের জন্য আলাদা করে সময় বের করার সুযোগ পাননি তিনি।

সম্প্রতি অমিতাভের একটি শুটিং শিফট শুরু হয় সকাল ৭টায়। সেটি শেষ হয় পরদিন সকাল ৭টায়। অর্থাৎ একটানা ২৪ ঘণ্টা শুটিং ফ্লোরেই কাটিয়েছেন তিনি। এমন দীর্ঘ ও ব্যস্ত শিফটের কারণে তার স্বাভাবিক জীবনযাত্রার ছন্দেও ছেদ পড়েছে। খাওয়া ও ঘুমের মতো দৈনন্দিন প্রয়োজনীয় বিষয়গুলোও আপাতত পেছনে সরিয়ে রাখতে হয়েছে তাকে।

তবে এতটা শারীরিক পরিশ্রমের পেছনে নিজের দায়িত্ববোধকেই সবচেয়ে বড় কারণ হিসেবে দেখছেন অমিতাভ। কাজের প্রতি দায়বদ্ধতা তার কাছে সবার আগে এবং সেখানে কোনো ধরনের আপস করতে চান না তিনি।

বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ বা কেবিসির ১৮তম মৌসুমের সঞ্চালনার পাশাপাশি আরও বেশ কিছু পেশাগত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অমিতাভ। একাধিক কাজের চাপেই তার শুটিং সূচি এতটা ব্যস্ত হয়ে উঠেছে বলে জানা গেছে।

দীর্ঘ অভিনয়জীবনে কাজের প্রতি অমিতাভ বচ্চনের নিষ্ঠা নতুন কোনো বিষয় নয়। বছরের শুরুতেও একটি পোস্টে তিনি জানিয়েছিলেন, কোনো দিন কাজ না থাকলে তার অস্বস্তি হয়। নিয়মিত কাজের মধ্যেই নিজের জীবনের ছন্দ খুঁজে পান তিনি।

৮৩ বছর বয়সেও সেই অভ্যাসে কোনো পরিবর্তন আসেনি। বরং বয়সকে উপেক্ষা করেই এখনও নিয়মিত কাজ করে যাচ্ছেন বলিউডের এই বর্ষীয়ান তারকা। টানা ২৪ ঘণ্টা শুটিংয়ের অভিজ্ঞতাও যেন আরও একবার দেখিয়ে দিল, পর্দার বাইরেও কাজের প্রতি তার সেই পুরোনো নিষ্ঠা এখনও একই রকম অটুট।