অবৈধ ব্যাটারি অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীতে তিনি এ কথা জানান। জ্বালানিমন্ত্রী বলেন, অবৈধ অটোরিকশার কারণে এমন একটি অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা তৈরি হয়েছে, যা আগে ছিল না। এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংশ্লিষ্টদের হামলার মুখেও পড়তে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী জানান, সারা দেশে ব্যাটারি অটোরিকশা চার্জ দেওয়ার কারণে বিশেষ করে মধ্যরাতে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। তার দাবি, এসব অটোরিকশার বেশিরভাগই অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে। সরকার এসব অবৈধ সংযোগ প্রতিরোধে কাজ করছে বলেও জানান তিনি।
বিদ্যুতের পাশাপাশি শিল্প খাতে জ্বালানি সংকট নিয়েও কথা বলেন জ্বালানিমন্ত্রী। তিনি জানান, প্রায় ১০–১২ দিন আগে একটি এলএনজির এফএসআরইউ অর্ডার করা হয়েছে। আরও তিনটি এফএসআরইউ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেগুলোর কাজ ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শিল্প খাতে বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে। সরকার এই সংকট মোকাবিলায় চেষ্টা করছে।
এ ছাড়া মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
