বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, দেশের ওপর এত ঋণের বোঝা তৈরি হয়েছে যে সঠিকভাবে পরিকল্পনা করা না গেলে একসময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হয়ে পড়তে পারে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ইকবাল হাসান মাহমুদ বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সরকার এমন একটি বাজেট প্রণয়ন করেছে, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না পড়ে। তবে সেই বাজেট বাস্তবায়নে সাধারণ মানুষ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।
এর আগে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহারের জন্য ড্রামট্রাকসহ ছয়টি গাড়ি বিতরণ করেন মন্ত্রী। এ সময় তিনি নিজেও একটি ট্রাকে ওঠেন। বিষয়টি নিয়ে কেউ কেউ সমালোচনা করতে পারেন—এমন প্রসঙ্গ তুলে নিজের ট্রাকে ওঠার কারণও ব্যাখ্যা করেন তিনি।
মন্ত্রী বলেন, অনেকে হয়তো চায়ের দোকানে বসে বিষয়টি নিয়ে সমালোচনা করবেন, সেটা তিনি জানেন। তবে মানুষকে দেখানোর জন্য তিনি ট্রাকে ওঠেননি। ছোটবেলায় ৩০-৪০ বছর আগে ঘুম থেকে উঠে এ ধরনের গাড়িকে রাস্তা পরিষ্কার করতে দেখেছেন। রাস্তা চকচক করতে দেখে যে উচ্ছ্বাস তৈরি হতো, সেই স্মৃতি থেকেই তিনি ট্রাকে উঠেছেন বলে জানান।
পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রমে বিতরণ করা গাড়িগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারের বাপ-মা জনগণ। তাই জনগণের অর্থে পরিচালিত এসব সম্পদ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা সবার দায়িত্ব।
এর আগে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধি ডোবাপাড়া এলাকায় আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

