দক্ষিণ ভারতীয় তারকা যশ অভিনীত ‘টক্সিক’ মুক্তির আগেই সিনেমাটির অন্তরঙ্গ দৃশ্য ঘিরে আলোচনায় এসেছে। বিশেষ করে কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে যশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এর মধ্যেই বিতর্কের জবাব দিয়েছেন যশ। তার বক্তব্য, সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য থাকলেও সেখানে কোনো ধরনের অশালীনতা রাখা হয়নি।
সম্প্রতি ‘টক্সিক’-এর একাধিক ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কথা বলেন যশ। কিয়ারা আদভানি ও তারা সুতারিয়ার সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্যের পাশাপাশি একটি দৃশ্যে তাকে পোশাকহীন অবস্থায়ও দেখা গেছে। এসব নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে যশ বলেন, সিনেমায় ঘনিষ্ঠতা থাকলেও অশালীনতাকে তিনি সমর্থন করেন না। তার দাবি, দর্শকরা দৃশ্যগুলো ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, সিনেমায় এমনকি চুম্বনের দৃশ্যও রাখা হয়নি। তার মতে, সবকিছুরই একটি সীমা রয়েছে এবং সিনেমাটি নির্মাণের সময় সেই সীমা মেনেই কাজ করা হয়েছে।
দৃশ্যগুলোর নান্দনিক উপস্থাপনার ওপরও গুরুত্ব দিয়েছেন যশ। তার ভাষ্য, কোনো দৃশ্যকে পর্দায় সুদৃশ্য ও দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তোলার দায়িত্ব মূলত নির্মাতার। তাই সিনেমায় ঘনিষ্ঠতার উপস্থিতি থাকলেও সেটিকে কীভাবে দৃশ্যমান করা হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
এদিকে ‘টক্সিক’-এর ‘তাবাহি’ গানটি মুক্তির পর থেকেই কিয়ারা আদভানিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সহশিল্পী কিয়ারার পাশে দাঁড়িয়েছেন যশ। তিনি বলেন, গানে দর্শকেরা কিয়ারার চরিত্রের খুব সামান্য অংশই দেখেছেন। পুরো সিনেমায় তার অভিনয় ও চরিত্র আরও অনেক বেশি নজর কাড়বে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সমালোচকদের উদ্দেশে যশ বলেন, একজন অভিনেতা হিসেবে বিভিন্ন সময়ে নানা ধরনের সমালোচনার মুখোমুখি হতে হয়। তবে সেসব নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যাওয়াই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দর্শক কাজেরই মূল্যায়ন করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হয়তো আমরা সময়ের চেয়ে কিছুটা এগিয়ে আছি।’
নতুন প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখেই ‘টক্সিক’ নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন যশ। সিনেমাটি উদার মানসিকতা নিয়ে দেখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ছবিটির পূর্ণাঙ্গ অভিজ্ঞতা পেতে ভক্তদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করার অনুরোধ জানিয়েছেন এই কন্নড় তারকা।


