ভারতের চলচ্চিত্র অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। সাধারণত অভিনয় ও বিভিন্ন কাজ নিয়েই ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। তবে এবার কলকাতার রাজপথে নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত একটি মিছিলে অংশ নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। মিছিলে অন্যদের সঙ্গে স্লোগান দেওয়ার পাশাপাশি গানে কণ্ঠ মেলাতেও দেখা গেছে তাকে।
ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত ওই কর্মসূচিতে অংশ নেন জয়া আহসান। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত মিছিলে রাজনীতিক, নারী বিধায়ক, চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের তারকা এবং সাধারণ মানুষ অংশ নেন।
জয়া আহসানের সঙ্গে মিছিলে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও অনেকে। মিছিল চলাকালে তাদের ‘কারার ঐ লৌহ কপাট’ গানে কণ্ঠ মেলাতেও দেখা যায়।
মিছিলের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জয়া আহসানের অংশগ্রহণ নিয়ে আলোচনা শুরু হয়। কেউ কেউ প্রশ্ন তোলেন, বাংলাদেশের নাগরিক হয়ে তিনি কলকাতার এমন কর্মসূচিতে কেন অংশ নিলেন।
তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার রাতের রাজপথ নারীদের জন্য আরও নিরাপদ করার দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আয়োজিত এই উদ্যোগে রাজনৈতিক পরিচয়ের বাইরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাদের সঙ্গে ছিলেন জয়া আহসানও।
জয়া আহসানের এই অংশগ্রহণকে ইতিবাচকভাবেও দেখছেন অনেকে। নারীদের নিরাপত্তার দাবিতে অন্য তারকাদের সঙ্গে রাজপথে নেমে আওয়াজ তোলায় তার প্রশংসা করেছেন তারা। ফলে অভিনয়ের বাইরেও সামাজিক একটি ইস্যুতে জয়া আহসানের সরব উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


