জন্মদিনে অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে দোয়া চাইলেন সিমরিন লুবাবা

জীবনের আরও একটি বছর পেরিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজের জন্মদিন উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অতীতের ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি ভবিষ্যৎ জীবন আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তিনি।

ফেসবুক পোস্টে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের আরও একটি বছর পার হয়ে গেল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর নৈকট্য ও তাকওয়া বৃদ্ধি পায়—এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দোয়া চাই। আল্লাহ যেন আমার অতীতের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, ভবিষ্যৎ জীবনকে বরকতময় করেন, ঈমানের সঙ্গে জীবনযাপন করার তাওফিক দান করেন এবং নেক আমল করার সুযোগ দেন।’

তিনি আরও লেখেন, ‘হে আল্লাহ, আমার জীবনের অবশিষ্ট সময়টুকু আপনার সন্তুষ্টির পথে কাটানোর তাওফিক দান করুন। আমাকে, আমার পরিবারকে এবং সকল মুসলিম উম্মাহকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন।’

জীবনের আরেকটি বছর পার হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করছেন লুবাবা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নৈকট্য ও তাকওয়া আরও বাড়ুক—এটাই তার অন্যতম চাওয়া। একই সঙ্গে অতীতের সব ভুল-ত্রুটি ক্ষমা করে ভবিষ্যৎ জীবনকে বরকতময় করার জন্যও আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।

পোস্টের শেষাংশে লুবাবা জানান, তার জন্য সবার দোয়া অনেক মূল্যবান। এ সময় তিনি ‘রব্বি জিদনী ইলমা ওয়া বারিক লি ফি উমরি’ দোয়াটিও উল্লেখ করেন। এর অর্থ—‘হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন এবং আমার জীবনে বরকত দান করুন।’ শেষে ‘আমিন ইয়া রব্বাল আলামিন’ লিখে পোস্টটি শেষ করেন তিনি।

এর আগে বাগ্‌দান নিয়ে আলোচনায় এসেছিলেন লুবাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে বাগ্‌দত্তার সঙ্গে ছবি প্রকাশের পর তার বিয়ে নিয়ে নানা আলোচনা শুরু হয়। অনেকেই শুভকামনা জানালেও অনেকে বাল্যবিবাহের অভিযোগ তুলে সমালোচনা করেন।

পরে বিষয়টি পরিষ্কার করে লুবাবা জানান, এখনো তার বিয়ে হয়নি; শুধু বাগ্‌দত্তার সঙ্গে আংটিবদল হয়েছে। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বাগ্‌দান সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। বিয়ের বিষয়ে এক পোস্টে লুবাবা জানান, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই তাদের বিয়ে হবে।

উল্লেখ্য, প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি লুবাবা ছোটবেলা থেকেই বিনোদন অঙ্গনের পরিচিত মুখ। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও কাজ করেছেন তিনি। তবে গত বছরের শেষ দিকে বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। এরপর থেকে ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টকে ঘিরে মাঝেমধ্যেই আলোচনায় আসছেন লুবাবা। এবার জীবনের নতুন বছর শুরু করার দিনে তার দোয়া চাওয়ার পোস্টও অনুসারীদের নজর কেড়েছে।