নিলামে রেকর্ড ৪ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯০ কোটি টাকায় বিক্রি হয়েছে ফেরারি (Ferrari)-র ইতিহাসে তৈরি প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি বা ইভি। বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির বিশেষ এই গাড়িটি একটি দাতব্য নিলামে তার নিয়মিত মূল্যের চেয়ে ৩৫ গুণেরও বেশি দামে বিক্রি হয়েছে। নতুন কোনো গাড়ির নিলামের ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত সর্বকালের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আরএম সোথবিস (RM Sotheby’s) এই নিলামের আয়োজন করে। এ খবর জানিয়েছে অনলাইন বিবিসি (BBC)।
‘ফেরারি লুচে’ নামের বিশেষ এই মডেলটির প্রথম উৎপাদিত সংস্করণে রয়েছে নজরকাড়া সাদা ফিনিশ, কাস্টমাইজড ব্রেক এবং বিশেষভাবে তৈরি চাকা। আইফোনের সাবেক নকশাকার স্যার জনি আইভ (Sir Jony Ive)-এর নকশা করা পাঁচ আসনের ব্যাটারিচালিত গাড়িটি গত মে মাসে উন্মোচনের পর থেকেই অবশ্য কিছুটা সমালোচনার মুখে পড়েছিল।
সমালোচকদের আপত্তির মূল জায়গা ছিল গাড়িটির ব্যাটারিচালিত রূপ এবং পাঁচ আসনের নকশা। তাদের দাবি, এই দুই বৈশিষ্ট্য ফেরারির দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পরিচয় ও ব্র্যান্ডের প্রচলিত চরিত্রের সঙ্গে মানানসই নয়।
এমনকি ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি (Matteo Salvini) এবং ফেরারির সাবেক চেয়ারম্যান লুকা কর্ডেরো দি মন্টেজেমোলো (Luca Cordero di Montezemolo)-ও গাড়িটির তীব্র সমালোচনা করেছিলেন।
তবে উন্মোচনের পর তৈরি হওয়া সেই সব সমালোচনাকে পেছনে ফেলে নিলামের মঞ্চে বিপুল সাড়া ফেলেছে ‘ফেরারি লুচে’। শেষ পর্যন্ত গাড়িটির দাম উঠে যায় ৪ কোটি ডলারে, যা এক ডলার ১২২.৫ টাকা হিসাবে প্রায় ৪৯০ কোটি টাকা। তবে রেকর্ড দামে গাড়িটি কিনে নেওয়া ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।
এর আগে ২০২৫ সালে ফেরারির আরেকটি বিশেষ গাড়ি দুই কোটি ৬০ লাখ ডলারে বিক্রি হয়ে নতুন গাড়ির নিলামের রেকর্ড গড়েছিল। এবার সেই রেকর্ডও ভেঙে দিল প্রতিষ্ঠানটির প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক মডেল ‘লুচে’। সমালোচনার মুখে যাত্রা শুরু করা গাড়িটিই শেষ পর্যন্ত নতুন গাড়ির নিলামের ইতিহাসে সর্বোচ্চ দামের নতুন নজির তৈরি করল।


